মিলান স্মৃতি ভুলতে উদগ্রীব বার্সা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
মাত্র একদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ ষোলর লড়াইয়ের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে বার্সেলোনা। তাই সেই স্মৃতিকে ভুলে গিয়ে স্প্যানিশ লিগে জয় পেতে মুখিয়ে আছে ক্যাটালানরা। আগামীকাল সেভিয়ার বিপক্ষে নিজেদের ২৪তম ম্যাচ খেলতে নামবে বার্সা। একই দিন মাঠে নামছে আরো ছয়টি দল। এরমধ্যে লিগের বড় দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে দের্পোতিভো লা করুনার। মৌসুমের শুরু থেকেই স্প্যানিশ লিগে পারফরমেন্সে উজ্জ্বল বার্সেলোনা। সেই ধারাটা অব্যাহত ছিল চ্যাম্পিয়ন্স লীগেও। কিন্তু শেষ ষোলতে কিছু্টা খেই হারিয়ে ফেলেছে তারা। মাঠে ফুটবলশৈলির রঙ ছড়িয়েও এসি মিলানের কাছে হার বরন করে নেয় বার্সা। পুরো ম্যাচেই মিলানের উপর প্রধান্য বিস্তার করে খেলেও মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় তাদের। ফলে পাঁচ বছরের পর চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায় নেবার শংকা তৈরি হয়েছে বার্সার। তাই এই দু:স্মৃতিকে সঙ্গী করেই লা লিগায় নিজেদের ম্যাচ খেলতে নামছে বার্সেলোনা। তবে এই স্মৃতি দ্রুত ভুলে জয়ের তকমা গায়ে লাগাতে চায় জাভি-মেসি-পেড্রোরা। তেমনটাই জানালেন দলের মিডফিল্ডার জাভি, ‘আমার মনে হয় না মিলানের বিপক্ষে ঐ ম্যাচটি আমাদের জন্য খুবই নিকৃষ্টতম ছিল। আমরা খারাপ খেলেছি, তবে তা খুব বাজে ছিল না। প্রতি ম্যাচেই ভালো কিছু দেবার জন্য আমরা মুখিয়ে থাকি। তবে ঐ ম্যাচে ভাগ্য সহায় ছিল না। মিলান খুবই শক্তিশালি দল। তাদের ডিফেন্সও খুব শক্ত ছিল। তবে আমরা কিন্তু আক্রমণের ধারা বজায় রেখেছিলাম। শেষপর্যন্ত ম্যাচ হারলেও পুরো ৯০ মিনিটে আমরা ভালো ফুটবল খেলেছি। আমার মনে হয় না মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচ খেলেছি। তবে আশা করছি লা-লিগায় জয়ের স্বাদ পাবে বার্সেলোনা।’ এ ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ সেভিয়া। তাই জয়টা সহজেই আসবে বলে ধারণা করা হচ্ছে। কারন শক্তির বিচারে বার্সার চেয়ে বেশ পিছিয়েই আছে সেভিয়া। কিন্তু প্রথমপর্বে নিজেদের মাঠে বার্সাকে পরীক্ষার মুখেই ফেলে দিয়েছিলো সেভিয়া। ৪৮ মিনিটের মধ্যে ২-০ গোলে ম্যাচে এগিয়েও যায় স্বাগতিকরা। শেষপর্যন্ত ভাগ্যের জোড়ে পরবর্তীতে তিন গোল করে স্বস্তির নি:শ্বাস ফেলেই মাঠ ছাড়ে বার্সা। পুরোনো স্মৃতির সাথে বর্তমানের সংমিশ্রণ ঘটিয়ে জয় পেতে চায় সেভিয়াও। মিলানের কাছে হারে কিছুটা চাপে আছে বার্সেলোনা বলে মনে করেন দলের মিডফিল্ডার ইভান রাকেতি, ‘কোন বড় দলই হারের তিক্ত স্বাদ পেতে চায় না। কিন্তু বার্সাকে হারের সাথে পরিচিত হতে হয়েছে। তাই হয়তো তারা খুবই বিচলিত। আমরা জানি কাজটা কঠিন। কিন্তু আমরা চাই ভালো ফুটবল খেলতে এবং ম্যাচও জিততে। ম্যাচ জয়ের জন্য যা যা করা দরকার সবই করবো।’ ২৪ খেলায় ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর সমানসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে সেভিয়া। বার্সেলোনার ম্যাচের দিন মাঠে নামছে আরেক বড় ক্লাব রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যে শিরোপা দৌড় থেকে বেশ পিছিয়ে পড়েছে গ্যালাকটিকোরা। লীগের বাকি ম্যাচগুলো জিতে ভালো একটা অবস্থানে থাকার লক্ষ্য তাদের। এ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ডিপোর্টিভো লা করুনা। যাদের নিয়ে প্রথম পর্বে গোল উত্সবই করেছে রিয়াল। নিজেদের মাঠে ঐ ম্যাচে রিয়াল ৫-১ গোলে হারিয়েছিল ডিপোর্টিভোকে। ২৪ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে রিয়াল। ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৪ ম্যাচে অংশ নিয়ে ১৬ পয়েন্ট অ্যাকাউন্টে নিয়ে টেবিলের সর্বশেষ দল ডিপোর্টিভো। - বাসস/এএফপি মায়োর্কা - গেটাফে রিয়াল জারাগোজা - ভ্যালেন্সিয়া দেপোর্তিভো লা করুনা - রিয়াল মাদ্রিদ বার্সেলোনা - সেভিয়া