উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬ তে বুধবার ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে ২-০ গোলে পরাজিত হওয়ার পর বার্সেলোনা যখন হতাশায় নিমজ্জিত, ঠিক তখনই বৃহস্পতিবার ক্লাবটির জন্য সুখবর-ডিফেন্ডার এরিক আবিদালকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে যকৃত প্রতিস্থাপনের পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি।
নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘আজ সকালে অনুশীলনের পরই আবিদাল সুখবরটি পান যে, তাকে খেলার জন্য মেডিক্যাল বোর্ড ফিট ঘোষণা করেছে এবং মৌসুমের শেষ অর্ধেক সময়ের জন্য দল তাকে পাচ্ছে।’
২০১২ সালের এপ্রিল মাসে ৩৩ বছর বয়সী লেফট ব্যাক আবিদালের যকৃত প্রতিস্থাপন করা হয় এবং ঠিক একবছর আগে এ্যাথলেটিকো মাদ্রিদে ২-১ গোলে জয়ী ম্যাচে বার্সার হয়ে সর্বশেষ মাঠে নামেন তিনি। গত ডিসেম্বরে তিনি অনুশীলনে ফেরেন।
লা লিগায় বার্সেলোনার পরবর্তী ম্যাচ আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।
কিংস কাপের সেমিফাইনালে দ্বিতীয় লেগে মঙ্গলবার নিজ মাঠে রিয়ালের বিরুদ্ধে মাঠে নামবে বার্সা। এর আগে গত মাসে প্রথম লেগে বার্নাব্যুতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
চ্যাম্পিয়ন্স লীগে ফিরতি লেগে ১২ মার্চ ন্যূ ক্যাম্পে মিলানের মোকাবেলা করবে বার্সেলোনা। - বাসস/এএফপি
