মূল লক্ষ্যটা হল, দিবা রাত্রির টেস্ট ক্রিকেট আয়োজন। স্পন্সর ও দর্শকদের কথা মাথায় রেখে টেস্ট খেলাটা দিবা রাত্রির করার চেষ্টা আইসিসি অনেকদিন ধরেই করছে। কিন্তু ঝামেলা হল, সে ক্ষেত্রে বলটা কিরকম হবে। এমনিতে টেস্টের যে লাল বল, সেটা ফ্লাড লাইটের আলোয় ভালো দেখা যায় না। আবার সাদা বল ৫ দিন টেকে না। এরই বিকল্প হিসেবে গত কয়েক বছর ধরে গোলাপি বল প্রচলন করতে চেষ্টা করছে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড।
এই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশেও শুরু হল গোলাপি বলে দিবা রাত্রির প্রথম শ্রেণীর ম্যাচ আয়োজন। গতকাল শুক্রবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল মধ্যকার ফাইনাল ম্যাচটি গোলাপি বল দিয়েই শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশে গোলাপি বলের ব্যবহার এই প্রথম হলেও পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে এই বলের প্রচলন হয়ে গেছে। সবার আগে শুরু করেছে পাকিস্তান। সেখানে কায়েদী আজম ট্রফিতে গোলাপি বলকে ব্যবহার করা হয়। টানা দুই মৌসুম এই বল দিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ইংল্যান্ডের কাউন্টিতেও গোলাপি বলের ব্যবহার হয়েছে দুই বছর আগে অর্থাত্ ২০১১ সালে। দক্ষিণ আফ্রিকায় ২০১২ সালে প্রথম শ্রেণীর ম্যাচ না হলেও লংগার ভার্সন ক্রিকেট খেলা হয়েছে গোলাপি বলে।
কাল বিসিএলের ফাইনালে গোলাপি বল দিয়ে বাংলাদেশেও এর প্রচলন শুরু হল। মূলত বিসিএলের ফাইনালসহ বেশ কিছু ম্যাচ খেলার জন্য গোলাপি বল আনা হয়েছিল। ১০ লাখ টাকা দিয়ে ৭০টি বল কেনা হয়েছে। কিন্তু নানান জটিলতার কারণে বিসিএলের লিগ পর্বের খেলাগুলো গোলাপি বলে অনুষ্ঠিত হয়নি। কাল ফাইনাল শুরুর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান গোলাপি বল তুলে দিলেন আম্পায়ার, ম্যাচ রেফারি ও দুই দলের অধিনায়কের হাতে। এ সময় বিসিবির এডহক কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বিসিএলের ফাইনাল খেলা ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল গত দুইদিন গোলাপি বলে অনুশীলন করেছে। গোলাপি বলে অনুশীলন করতে গিয়ে খেলোয়াড়রাও কিছু নতুনত্ব খুঁজে পেয়েছেন। নতুন কিছু পেয়েছেন বোলাররা। বলে বাড়তি সুইং খুঁজে পেয়েছেন পেসাররা। তবে ব্যাটসম্যানদের জন্য গোলাপি বলে ব্যাট করার অভিজ্ঞতা কঠিনই হবে। এই সমীকরণের কারণে কাল টসে জিতে উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল ইসলাম মধ্যাঞ্চলকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন।
সুফলও পেয়েছে তারা। শুরুতেই পরপর তিনটি উইকেট তুলে নিয়েছে তারা। তাহলে কী এই গোলাপি বল বোলারদের বন্ধু হতে যাচ্ছে?
