ইনজুরি ভাবাচ্ছে না জার্গুনসেনকে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১১
শ্রীলংকা সফরে সাকিব আল হাসান খেলবেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরো একদিন। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ইনজুরির কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল খেলেননি। ইনজুরিতে ভুগছেন তামিম ইকবাল, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাকরা। এসব খবর স্বাভাবিকভাবেই দুশ্চিন্তিত করে ফেলার কথা জাতীয় দলের কোচকে। কিন্তু ভারপ্রাপ্ত থেকে সমপ্রতি স্থায়ী হওয়া কোচ শেন জার্গুনসেন এই ইনজুরিচিন্তাকে খুব গুরুত্ব দিতে চাচ্ছেন না। গতকাল শুক্রবারও ২৫ সদস্যের স্কোয়াডের মাত্র ১৩জনকে পেয়েছেন নতুন এই কোচ। এদের নিয়েই প্রথমে অনুশীলন পরে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলিয়েছেন তিনি। কাল অনুশীলন শেষে জার্গুনসেন ইনজুরির প্রসংগে বললেন, ‘খেলোয়াড়দের ইনজুরি নিয়ে আমি তেমন চিন্তিত নই। সামনের সফরের আগে খেলোয়াড়রা বিশ্রাম নিয়ে নতুন করে শুরু করতে পারবে। ২৫জন স্কোয়াডে আমাদের নির্বাচিত কিছু খেলোয়াড় রয়েছে যারা সেখানে গিয়ে পারফর্ম করতে পারবে। কলম্বোর জন্য আমরা কিছু পরিকল্পনা নিয়ে রেখেছি এবং আমি আশাবাদী তারা শ্রীলংকা সফরে অবশ্যই ভালো করবে’। কিন্তু জাতীয় দলের মূল তারকা হচ্ছে, সাকিব, তামিম, মুশফিক রাজ্জাক- এদের ইনজুরি কিছুটা হলেও কি দুশ্চিন্তায় ফেলছেন না? এবার অবশ্য কোচ কুটনৈতিক উত্তর দিলেন, ‘দুই একদিন পর আমরা একসাথে সবাইকে পাচ্ছি। নির্বাচকরা আমাদেরকে যে ২৫জনের স্কোয়াড দিয়েছে, তাদেরকে এক সাথে পেলে তখন বোঝা যাবে পুরো বিষয়টি। আপাতত সবাইকে এক সাথে পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে’। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ফলাফল খুবই খারাপ। এ পর্যন্ত ১২টি টেস্ট খেলেছে দু দল; যার সবগুলোতে হেরেছে বাংলাদেশ। ২৭টি ওয়ানডে খেলে মাত্র তিনটি জয়ের মুখ দেখেছে জাতীয় দল। ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশের জন্য শ্রীলংকার মুখোমুখি হওয়াটা কি সত্যিই চ্যালেঞ্জের হবে না? যেহেতু তাদের কন্ডিশনে খেলতে হবে মুশফিকদের? এর উত্তরে জার্গুনসেন, ‘শ্রীলংকার মাটিতে আমাদের এখন একটাই লক্ষ্য হবে। সেটা হচ্ছে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে’।