মুম্বাই ইন্ডিয়ানসের নেতৃত্বে পন্টিং

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১২
হরভজন সিং-এর পরিবর্তে আসন্ন ষষ্ঠ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩ এপ্রিল এ টুর্নামেন্ট শুরু হচ্ছে। গতবছর শেষদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া পন্টিংকে এবছর চেন্নাইয়ে অনুষ্ঠিত নিলামে বেইস প্রাইস ৪ লাখ ডলারে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নতুন নিয়োগকৃত ৩ চীফ মেন্টর অনিল কুম্বলে, প্রধান কোচ জন রাইট ও আইকন খেলোয়াড় শচিন টেন্ডুলকারের সঙ্গে আলোচনার পর পন্টিংকে আইপিএল ষষ্ঠ আসরের অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়া হয়। বিবৃতিতে কুম্বলে বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক এবং আইপিএল মুম্বাই ইন্ডিয়ানসের মত হাই-প্রোফাইল দলের নেতৃত্ব দেয়ার অনেক অভিজ্ঞতা রিকি পন্টিং-এর আছে। আমার পরামর্শের সঙ্গে শচিনও একমত পোষণ করেছে। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক করা আমাদের (শচিন ও আমি) সিদ্ধান্ত।’ মুম্বাই ইন্ডিয়ানসে নতুন ভূমিকা সম্পর্কে পন্টিং বলেন, ‘এটা অনেক বড় একটা সম্মান এবং আমার প্রতি আস্থা রাখায় আমি মিসেস আম্বানি ও মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ভারতীয় ও আন্তর্জাতিক অনেক খেলোয়াড়ের সমন্বয়ে গড়া মুম্বাই ইন্ডিয়ানস একটি যোগ্য দল এবং আমি আমার পূর্ণ সক্ষমতা দিয়ে দলটির নেতৃত্ব দেয়ার অপেক্ষায় আছি।’—বাসস