জীব-নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: পরিবেশ মন্ত্রী

আপডেট : ০৪ মে ২০১৯, ১৬:৩৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ জীব-নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।

জাতিসংঘ জীববৈচিত্র্য সনদের আওতায় গৃহীত জীবনিরাপত্তা বিষয়ক কার্টাহেনা চুক্তি বাস্তাবায়নে বাংলাদেশ ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশ কার্টাহেনা চুক্তিতে স্বাক্ষর করেছে।

মো. শাহাব উদ্দিন আজ শনিবার সকালে রাজধানীর মহাখালী ব্রাক ইন সেন্টারে পরিবেশ অধিদপ্তর আয়োজিত জীব নিরাপত্তা বিষয়ে এক আন্তর্জাতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আধুনিক জীব প্রযুক্তির অপার সম্ভাবনা ও সুফলের পাশাপাশি পৃথিবীব্যাপী এর ঝুঁকি বিষয়েও চলছে নানা গবেষণা আর জল্পনা-কল্পনা।

আরো পড়ুন: শিমুল বিশ্বাস কারাগার থেকে মুক্তি পেয়েছেন

জীববৈচিত্র্য আর মানবস্বাস্থ্য অটুট না থাকলে প্রযুক্তির সুফল অর্থহীন এ কথা উল্লেখ করে তিনি বলেন,আধুনিক জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা এবং এর প্রয়োগ যাতে মানুষসহ অন্যান্য জীবের কল্যাণে কাজে লাগে সে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

মন্ত্রী এ সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন এবং এর উৎপাদন, ব্যবহার, মজুদ, পরিবহন, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর, পরিবেশে অবমুক্তকরণ প্রভৃতি ক্ষেত্রে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব প্রদান করেন।

ইত্তেফাক/এমআই