নারীদের সুরক্ষা চান ঐশ্বরিয়া
বলিউড তারকা ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন ভারতে নারীদের সুরক্ষায় আশু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। দেশটিতে গণধর্ষণের শিকার এক ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানান। জনপ্রিয় এই অভিনেত্রী সেদেশে নারীদের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধীদের জন্য সুনির্দিষ্ট আইন থাকা চাই। তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত, আর তখনই আমরা সমাজে পরিবর্তন দেখতে পাবো। বুধবার নয়াদিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঐশ্বরিয়া বলেন, আমি ভয় পাই না। আমাদের অনেকেই নিরাপত্তা নিয়ে বেশ আশ্বস্ত হতে পারি। কিন্তু আমাদের দেশের অধিকাংশ নারীর সেই সুযোগ নাই। - এএফপি
পাক রাষ্ট্রদূতের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রহমানের বিরুদ্ধে ধর্মদ্রোহের অভিযোগে মামলা করেছে পাকিস্তান পুলিশ। ২০১০ সালের ৩০ নভেম্বর একটি টিভি অনুষ্ঠানে ধর্মবিরোধী মন্তব্য করায় এই মামলা দায়ের করে পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের পুলিশ। ফাহিম আখতার গিল নামে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই এই মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে দেশটির আইন অনুযায়ী শেরি রহমানের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। পুলিশের তিন সদস্যের একটি দল এ বিষয়ে তদন্ত করছে। - আনন্দবাজার পত্রিকা
‘তালেবানি কায়দায় সন্ত্রাস হচ্ছে’
ভারতের মুর্শিদাবাদে এক পঞ্চায়েত কর্মীর কান কেটে নেয়ার ঘটনায় কড়া সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করে কংগ্রেস এমপি ও কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাস মুন্সি বলেছেন, রাজ্যে তালেবানি কায়দায় সন্ত্রাস হচ্ছে। আর এসবের পিছনে মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের উস্কানি দিচ্ছেন। তিনি বলেন, তৃণমূল কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও তার কোন শাস্তি হয় না। এ কারণে তারা নির্ভয়ে এ কাজ করে যাচ্ছে। দীপাদাস বলেন, ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত। উল্লেখ্য গত বুধ ও বৃহস্পতি প্রধান প্রধান শ্রমিক সংগঠনের ডাকা দুইদিনের ভারত বনধ হয়। প্রথমদিনে কাজে যোগ না দেয়ায় মুর্শিদাবাদে ওই ব্যক্তির কান কেটে দেয়া হয়। এ ঘটনার পরই দীপা দাস এই মন্তব্য করলেন। -পিটিআই
ঘুমের সমস্যা দুরীকরণে
যে রাসায়নিক উপাদানটি সামুদ্রিক প্রাণী সীলকে মস্তিষ্কের অর্ধাংশ জাগ্রত রেখে ঘুমাতে সহায়তা করে সেটি শনাক্ত করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জার্নাল অব নিউরো সায়েন্সে প্রকাশিত এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে। বিজ্ঞানীরা এটিকে ‘অনন্য দৈব ঘটনা’ আখ্যা দিয়ে বলেছেন, এটি মানুষের অনিদ্রা বা অন্যান্য ঘুমের সমস্যা দুরীকরণে সহায়ক হবে। সমীক্ষার গবেষক পীভার বলেন, সীলের একটি জৈবক্রিয়া বিস্ময়কর। তাদের মস্তিষ্কের ডান পাশ জাগ্রত থাকা অবস্থায় বাম পাশে ঘুমাতে পারে। তিনি বলেন, সীলের পানিতে থাকাকালেই কেবল এভাবে মস্তিষ্কের একাংশ জাগ্রত রেখে ঘুমায়। আর ডাঙ্গায় থাকলে তারা মানুষের মতোই ঘুমায়। -এএফপি
