ভারতের মঙ্গল অভিযান এ বছর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
ভারত এবছরই প্রথম মঙ্গলগ্রহে অভিযান শুরু করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এছাড়া মহাশূন্যে এ বছর আরো কয়েকটি অভিযান চালানোরও পরিকল্পনা আছে বলে জানান তিনি। এশিয়ার উদীয়মান শক্তির দেশ হিসাবে ভারত মহাকাশ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাতারে উঠে আসার চেষ্টায় এবছরই প্রথম মঙ্গলগ্রহে অভিযান শুরু করছে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বৃহস্পতিবার পার্লামেন্টে বলেছেন,“মঙ্গলে প্রথম মিশন শুরু করা এবং অবস্থান নির্ণায়ক প্রথম উপগ্রহ মহাকাশে পাঠানো ছাড়াও এবছর মহাশূন্যে কয়েকটি অভিযানের পরিকল্পনা রয়েছে।” ভারত অক্টোবরে মঙ্গলগ্রহের কক্ষপথে মানুষবিহীন মহাকাশযানে করে একটি উপগ্রহ পাঠাবে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূল থেকে এ স্যাটেলাইট মহাশূন্যে পাঠাতে খরচ পড়বে ৮ কোটি ৩০ লাখ ডলার। ভারতে নির্মিত এ মহাকাশযান ৯ মাসের যাত্রায় মঙ্গলে পৌঁছে এর কক্ষপথে স্থাপিত হবে। অভিযানের প্রস্তুতি ইতোমধ্যেই নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংগঠনের ‘আইএসআরও’ বিজ্ঞানী দেবীপ্রসাদ কারনিক। ভারতে মহাকাশ গবেষণা কর্মসূচি শুরু হয় ১৯৬২ সালে। ৫ বছর আগে ভারতের চন্দ্রযান স্যাটেলাইট চাঁদে পানির সন্ধান পায়। এখন ভারত ২০১৪ সালের মধ্যে চাঁদে চাকাবিশিষ্ট মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে।