‘শেষ সুযোগ’ কাজে লাগাতে চান আফ্রিদি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
সফলভাবেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। একটি সূত্র মতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্য নির্ধারণ করেছেন আফ্রিদি। স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইকবাল কাশিম আফ্রিদিকে পুনরায় দলে ডাকাকে ‘শেষ সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। এমনকি এ সিরিজে ভাল করতে না পারলে এ ফরম্যাটে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলে ইঙ্গিত দেয়ায় আফ্রিদি শেষ সুযোগটা কাজে লাগাতে মরিয়া। সূত্র মতে, দক্ষিণ আফ্রিকায় ভাল করার জন্য একান্তভাবে মনোযোগী আফ্রিদি এবং ব্যর্থতার বিষয়ে কোন চিন্তা করতেই নারাজ। সূত্র আরো জানায়, চ্যালেঞ্জ নিতে পছন্দ করা এবং অতীতেও এমন অবস্থায় ভাল করা আফ্রিদি চাচ্ছেন প্রোটিয়াসদের বিরুদ্ধে আর একবার সফলতা দেখিয়ে তাকে দলে নেয়ার যথার্থতা প্রমাণ করতে। ব্যাট-বল উভয় ক্ষেত্রেই ভাল করার লক্ষ্যে কঠোর করছেন আফ্রিদি। এছাড়া তিনি কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানায় সূত্র। পাকিস্তান দলের সাবেক কোচ মহসিন খান দলে আফ্রিদির অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, প্রোটিয়াসদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ধুঁকতে থাকা পাকিস্তান দলের জন্য এটা একটা বড় টনিক। নির্বাচক কর্তৃক ‘শেষ সুযোগ’ উল্লেখ করার সমালোচনা করে মহসিন বলেন, আফ্রিদির হয়তোবা ধারাবাহিকতা না থাকতে পারে। তবে সে একজন ম্যাচ জয়ী অলরাউন্ডার। তাছাড়া এ তারকা অলরাউন্ডার যখনই তার দলের জন্য ভাল করেছে— অধিকাংশ সময়ই দলকে জিতিয়ে এনেছে।-বাসস