সফরকারি পাকিস্তানের বিরুদ্ধে গতকাল শুক্রবার সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২০১ রান সংগ্রহ করেছে। হাশিম আমলা দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন।
সিরিজের প্রথম দুটি টেস্ট হেরে মানসিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে মাঠে নামার আগেই শুনতে হয় দুটি দুঃসংবাদ। ইনজুরির কারণে খেলতে পারবেন না দুই ফাস্ট বোলার উমর গুল এবং জুনায়েদ খান। তাদের পরিবর্তে মাঠে নামেন অভিষিক্ত ইহসান আদিল এবং সিরিজের প্রথম টেস্টে অভিষেক হওয়া রাহাত আলি। তবে দলের দু্ই প্রধান বোলারের ইনজুরি শেষ পর্যন্ত হয়তো শাপেবর হয়েই এসেছে পাকিস্তানের জন্য। কারণ তাদের সবগুলো সাফল্যই আসে এই দু’জনের হাত ধরে।
টসে জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের প্রথম ধাক্কা দেন রাহাত। অলিভারো পিটারসেনকে ১০ রানে ফেরান তিনি। এরপরে অধিনায়ক গ্রায়েম স্মিথকে তুলে নেন ইহসান। তবে হাশিম আমলা এবিডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় কোন বিপদের মুখে পড়তে দেননি। আমলা ৯২ রান করে রাহাতের তৃতীয় শিকারে পরিণত হলেও ভিলিয়ার্স অপরাজিত ছিলেন ৪০ রানে। তার সঙ্গে ছিলেন রবিন পিটারসেন।
