বাগেরহাটের চিতলমারীতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে রুবেল হাওলাদার (২৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।
আজ শনিবার দুপুরে নিহতের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এই ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় রেজাউল ফকিরসহ ১০/১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
এর আগে গত ২ মে রাতে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতি বাজার এলাকায় ব্যবসায়ী রুবেল হাওলাদারকে প্রতিপক্ষ রেজাউল ফকির ও তার ১০/১২ সহযোগী মারপিট করে। সেদিন থেকে রুবেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত রুবেল হাওলাদার চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতি গ্রামের প্রয়াত মহসিন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় খিলিগাতি বাজারের মাছের খাবারের ব্যবসায়ী ছিলেন।
গত ২ মে রাতে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতি বাজার এলাকায় ব্যবসায়ী রুবেল হাওলাদারকে প্রতিপক্ষ রেজাউল ফকির ও তার ১০/১২ সহযোগী মারপিট করলে রুবেল গুরুতর আহত হন।
নিহতের বড় ভাই রবিউল হাওলাদার অভিযোগ করে বলেন, প্রতিবেশী রেজাউল ফকিরের কাছে আমার ছোট ভাই রুবেল ব্যবসার ১৮ হাজার টাকা পেতেন। সেই পাওনা টাকা ফেরত চাওয়ায় রেজাউল ফকির ক্ষুব্দ হয়ে তার লোকজন নিয়ে প্রকাশ্যে মারপিট করে রুবেলকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দীন বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রেজাউল ফকিরের নেতৃত্বে একদল লোক খিলিগাতি বাজারের মাছের খাবার বিক্রেতা রুবেল হাওলাদারকে মারপিট করে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। সেখান থেকে শুক্রবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় মামলা হয়েছে। জড়িত ধরতে পুলিশ চেষ্টা করছে।
ইত্তেফাক/কেকে

