ঘুম সবার জন্য সমভাবে প্রয়োজন। প্রতিদিন একজন সুস্থ সবল মানুষের দৈনিক কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা ঘুম দরকার। তবে শিশুদের ঘুম প্রয়োজন আরো বেশি। শিশুদের ঘুম নিয়ে নিউজিল্যান্ডে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যেসব শিশুদের কম ঘুম হয় তাদের মোটা হবার ঝুঁকি বেশি।
৩ থেকে ৭ বছর বয়সী ২৪৪ জন শিশুর ওপর জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতি ৬ মাস অন্তর অন্তর এসব শিশুদের ঘুমের প্যাটার্ন এবং সময় পর্যবেক্ষণ করেন গবেষকগণ। পাশাপাশি তাদের ওজন, উচ্চতা ও চর্বির পরিমাপ করা হয়। একইভাবে এসব শিশুদের ঘুমের অভ্যাস ও ফিজিক্যাল অ্যাকটিভিটি পর্যবেক্ষণ করা হয়। গবেষকগণ দেখতে পান যেসব শিশুদের কম ঘুমানোর অভ্যাস তাদের ওজন আধিক্যের ঝুঁকি অনেক বেশি।
গবেষকগণের অভিমত: কম ঘুমানোর কারণে শিশুদের অধিক আহারের প্রবণতা তৈরি হয় এবং হরমোন পরিবর্তনের কারণে খাবার ইচ্ছা বাড়ে। যুক্তরাষ্ট্রের রয়েল কলেজ অব পিডিয়াট্রিকস এন্ড চাইল্ড হেলথ এর বিশেষজ্ঞ ড: আয়ান ম্যাকোনাডি-এর মতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের দৈনিক অন্তত: ১১ ঘন্টা ঘুম প্রয়োজন।
ড: আয়ানের অভিমত: এ বয়সে শতকরা ২০ ভাগ শিশুর ঘুমের সমস্যা হয় এবং অপর্যাপ্ত ঘুমের কারণে শিশুদের শুধু মুটিয়ে যাবার ঝুঁকি থাকে তাই নয়, তাদের পড়াশুনায় মনযোগ হ্রাস, মেমোরি, আচরণ ও বিদ্যালয়ের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়ে। তাই শিশুদের পর্যাপ্ত ও প্রয়োজনীয় ঘুমের অভ্যাস করতে সাহায্য করুন। এক্ষেত্রে মা ও অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি।
