নির্মাণ বিধিমালা না মানলে অনুমোদন পাবে না গার্মেন্টস

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
সরকার নির্ধারিত নির্মাণ বিধিমালা অনুসরণ করে তৈরি পোশাক শিল্প-কারখানার ভবন তৈরি না করলে, কাউকে গার্মেন্টস শিল্প স্থাপনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, দেশের রপ্তানি আয়ের সিংহভাগ যোগানদাতা তৈরি পোশাক শিল্পখাতে কর্মরত শ্রমিকের নিরাপত্তার বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি তৈরি পোশাক শিল্পখাতে উত্পাদনশীলতা বাড়াতে এর শ্রমিক ও কর্মচারীদের মজুরি বৃদ্ধির জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে মালিকের পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদেরও এগিয়ে আসার তাগিদ দেন। শিল্পমন্ত্রী শুক্রবার রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক শিল্পখাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের কর্মপরিবেশের নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে উন্নয়নের জন্য আয়োজিত মাল্টি স্টেকহোল্ডার সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তাগিদ দেন। জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি অল গ্লোবাল ইউনিয়ন এর সহায়তায় ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল এ সভার আয়োজন করে। ইন্ডাস্ট্রি অল গ্লোবাল ইউনিয়ন এর মহাসচিব ইয়র্কি রায়না’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, সংগঠনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাসচিব সুদর্শন রাও, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের প্রেসিডেন্ট নজরুল ইসলাম খান, মহাসচিব রায় রমেশ চন্দ্র, বিজিএমইএ’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প কারখানায় অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। তারা এর জন্য বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ড, ক্রেতা, সরকার, মালিক, ট্রেড লিডার ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। এর ফলে তৈরি পোশাক শিল্পখাতের দুর্ঘটনাজনিত ক্ষতি মোকাবেলার পাশাপাশি উত্পাদনশীলতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।