প্রযোজক সমিতি থেকে সোহেল রানার পদত্যাগ!

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৫
‘আমি এখন আর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি নই। নই কার্যনির্বাহী পরিষদের সদস্য। দুটো পদ থেকেই আমি পদত্যাগ করেছি। সমিতির দুইপক্ষের কাছেই আমি তিনবার পদত্যাগপত্র পাঠিয়েছি। তারপরও আমাকে বিভিন্ন স্থানে সমিতির সভাপতি হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। এতে আমি বিস্মিত ও বিব্রত। আমি পরিষ্কার করে সবাইকে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখন সমিতির একজন সাধারণ সদস্য।’ কথাগুলো বললেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ সোহেল রানা। তিনি আরও বলেন, ‘প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সদস্যরা আমাকে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছিলেন। আমি ক্ষমাপ্রার্থী তাদের দেওয়া দায়িত্ব পালন করতে পারিনি বলে।’ মাসুদ পারভেজ বলেন, ‘আমি অবাক হচ্ছি তিন-তিনবার পদত্যাগপত্র জমা দেওয়ার পরও তারা বিষয়টি গোপন করল দেখে। তারা কেন বিষয়টি এখনও সমিতির সদস্যদের জানাল না এটা আমাকে অবাক করেছে। যেখানে সমিতির পদ নিয়ে টানাটানি সেখানে আমি দুটো পদ থেকেই পদত্যাগ করলাম। আর তারা সেটা বেমালুম চেপে গেল! কেন গেল এখন আর আমি সেই প্রশ্ন করব না। শুধু বলব, আমার পদত্যাগের বিষয়টি দ্রুত সমিতির সদস্যদের জানিয়ে দিতে। আমি আশা করব এরপর কোনো প্রযোজক পরিবেশক সমিতির বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন না কেউ।’ সোহেল রানা গত ২১ ফেব্রুয়ারি তার জন্মদিনের অনুষ্ঠানে নিজ বাসভবন খেয়ায় এ কথাগুলো বলেন। প্রতি বছরের মতো এবারও মাসুদ পারভেজের জন্মদিন উপলক্ষে খেয়ায় ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।