ঋণমানের মুডি সূচকে যুক্তরাজ্যের অবনমন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
প্রথমবারের মতো যুক্তরাজ্যের ঋণমান সূচকের অবনমন ঘটেছে। দেশটির ঋণমান ‘ট্রিপল-এ’ রেটিং থেকে একধাপ নামিয়ে ‘এএ১’ করা হয়েছে। শুক্রবার ঋণমান সূচক নির্ধারণী বিশ্বের অন্যতম প্রভাবশালী সংস্থা মুডি যুক্তরাজ্যের ঋণমান সূচক এক ধাপ হ্রাস করে। যুক্তরাজ্যের অর্থনীতির দুর্বল ভবিষ্যত্ পর্যালোচনায় এ অবনমন ঘটানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি । অর্থনৈতিক দুর্বলতার কারণে সমপ্রতি ঘাটতি কমানোর কৌশল গ্রহণে বাধ্য হয়েছে যুক্তরাজ্য। ২০১০ সালে রক্ষণশীল নেতৃত্বাধীন জোটের নেতৃত্বে যুক্তরাজ্য সরকার গঠিত হয়। নির্বাচনে যুক্তরাজ্যের ঋণমান সূচকের সর্বোচ্চ স্থান (ট্রিপল এ) ধরে রাখার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু অর্থনৈতিক দুর্বলতার কারণে রক্ষণশীল অর্থমন্ত্রী জর্জ অসবর্ন প্রথম থেকেই তার অর্থনৈতিক নীতিতে কৃচ্ছতার ওপর জোর দিয়ে এগোতে থাকেন এবং ঘাটতি কমানোর কৌশল গ্রহণ করেন। এই অবনমন অসবর্নের গৃহীত কৌশলের জন্য একটি বড় আঘাত। তবে মুডি জানিয়েছে, যুক্তরাজ্যের অর্থনৈতিক পর্যালোচনায় বর্তমান সূচক স্থিতিশীল থাকবে। এর মানে হলো, আগামী বছর বা এরপর বর্তমান সূচকের (এএ১) আর অবনমন ঘটার সম্ভাবনা নেই। ঋণমান সূচকের অবনমনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কাতারে এসে দাঁড়ালো যুক্তরাজ্য। ‘মুডি’ ও ‘স্টান্ডার্ড এন্ড পুওরস’ সূচকে ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য টানা সর্বোচ্চ অবস্থানে ছিল। এই অবনমনের কারণে ২০১৫ সালের সাধারণ নির্বাচনে যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন জোট হোঁচট খেতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।