ওয়ানডে সিরিজও জিতলো ইংল্যান্ড

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
টি-টোয়েন্টির পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতলো ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ইংলিশরা ৫ উইকেটে হারিয়েছে কিউইদের। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। জয় দিয়ে এবারের নিউজিল্যান্ড সফর শুরু করেছিল ইংল্যান্ড। সেই ধারা অব্যাহত রেখে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় তারা। তবে ওয়ানডে সিরিজের শুরুতেই হোচট খায় ইংল্যান্ড। তবে শেষ দুই ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়ে টি-টোয়েন্টির মত ওয়ানডে সিরিজও জিতে নিল ইংল্যান্ড। অকল্যান্ডে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং-এ আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। আর ব্যাটিং-এ নেমেই মহাবিপদে পড়ে যায় কিউইরা। স্কোর বোর্ডে ১১ রান উঠতেই উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা। বিজে ওয়াটলিং ১ ও হামিশ রাদারফোর্ড ২ রান করে পেসার স্টিভেন ফিনের শিকার হন। আর তিন নম্বরে নামা কিন উইলিয়ামসন ৭ রান করে আরেক পেসার জেমস এন্ডারসনের প্রথম শিকার হন। এরপর চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রস টেইলর ও গ্র্যান্ট এলিয়ট। ৫৩ রানের জুটি গড়েন তারা। তবে ৩ রানের ব্যবধানে এরা দু’জনও বিদায় নিলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় স্বাগতিকদের। টেইলর ২৮ ও এলিয়ট ২৪ রানে ফিরেন। দলের এমন বিপর্যয়ের মাঝে ব্যাট হাতে দাঁড়িয়ে যান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ছয় নম্বরে নেমে ৬৮ বলে ৭৯ রানের এক দায়িত্বপূর্ণ ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান ম্যাককালাম। তার ইনিংসে ৬টি চারের পাশাপাশি ৫টি ছক্কার মার ছিল। আর ইংলিশ বোলারদের দুর্দান্ত বোলিং-এ ৩৫ বল আগেই ১৮৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সফরকারীদের পক্ষে স্টিভেন ফিন ৩টি, স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ান ২টি করে উইকেট নেন। জয়ের জন্য ১৮৬ রানে পিছু ছুটতে গিয়ে নিউজিল্যান্ডের মত বিপদে পড়েনি ইংল্যান্ড। উদ্বোধনী জুটিই দলকে এনে দেন ৪২ রান। অধিনায়ক অ্যালিষ্টার কুকের সাথে উদ্বোধনী জুটিতে ২৪ রান অবদান রেখে প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন ইয়ান বেল। এরপর দলের স্কোর তিন অংকের কোঠা পার করেন কুক ও জনাথন ট্রট। ভালোই এগিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু এতে বাদসাধেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। পরপর দুই ওভারে এই দুই ব্যাটসম্যানকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ দলের দিকে টেনে আনেন সাউদি। কুক ৪৬ ও ট্রট ৩৮ রান করে আউট হন। ১১২ রানে ৩ উইকেট হারানোর পর দলের জয় নিশ্চিত করার দায়িত্ব কাঁধে তুলে নেন জো রুট ও ইয়োইন মরগান। এতে ভালোই সফল হয়েছেন তারা। চতুর্থ উইকেটে ৫৬ রান এনে দিয়ে দলের জয়ের পথ প্রায় নিশ্চিতই করে দেন রুট ও মরগান। কিন্ত শেষদিকে মরগান ও জস বাটলারের বিদায়ে ম্যাচে তৈরি হয় উত্তেজনা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করেন রুট। ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গী ওয়াকস করেন ৩ রান। ৪৮ রানে ৩ উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি টিম সাউদি। টি-২০ ও ওয়ানডে শেষে এবার টেস্টে ম্যাচের লড়াইয়ে নামবে দু’দল। ডুনেডিনে আগামী ৬ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। স্কোর কার্ড নিউজিল্যান্ড ইনিংস বিজে ওয়াটলিং ক সোয়ান ব ফিন ১ হামিশ রাদারফর্ড ক বাটলার ব ফিন ২ কিন উইলিয়ামসন ক বাটলার ব এন্ডারসন ৭ রস টেইলর ক বাটলার ব ব্রড ২৮ গ্র্যান্ট এলিয়ট রান আউট (ফিন/বাটলার) ২৪ ব্রেন্ডন ম্যাককালাম ক এন্ডারসন ব সোয়ান ৭৯ জেমস ফ্রাঙ্কলিন ক এন্ড ব সোয়ান ১৪ নাথান ম্যাককালাম ক কুক ব ফিন ৪ এন্ড্রু এলিস ক ওয়াকস ব ব্রড ৮ কাইল মিলস এলবিডব¬ু ব ওয়াকস ২ টিম সাউদি অপরাজিত ৫ অতিরিক্ত (লে বা-৩, ও-৮) ১১ মোট (অলআউট, ৪৩.৫) ১৮৫ উইকেট পতন :১/২ (ওয়াটলিং), ২/১১ (উইলিয়ামসন), ৩/১১ (রাদারফর্ড), ৪/৬৪ (এলিয়ট), ৫/৬৭ (টেইলর), ৬/৯৯ (ফ্রাঙ্কলিন), ৭/১০৯ (নাথান ম্যাককালাম), ৮/১৪৬ (এলিস), ৯/১৫০ (মিলস), ১০/১৮৫ (ব্রেন্ডন ম্যাককালাম)। বোলিং:জেমস এন্ডারসন ৮-১-৩৪-১ (ও-৩), স্টিভেন ফিন ৯-৩-২৭-৩ (ও-২), ক্রিস ওয়াকস ৯-০-৩৪-১ (ও-২), স্টুয়ার্ট ব্রড ৯-০-৩৮-২, গ্রায়েম সোয়ান ৮.৫-০-৪৯-২। ইংল্যান্ড ইনিংস অ্যালিষ্টার কুক ক ওয়াটলিং ব সাউদি ৪৬ ইয়ান বেল ক রাদারফোর্ড ব এলিস ২৪ জনাথন ট্রট ক ওয়াটলিং ব সাউদি ৩৮ জো রুট অপরাজিত ২৮ ইয়োইন মরগান ক মিলস ব এলিস ৩৯ জস বাটলার ক ওয়াটলিং ব সাউদি ৩ ক্রিস ওয়াকস অপরাজিত ৩ অতিরিক্ত (লে বা-১, ও-৪) ৫ মোট (৫ উইকেট, ৩৭.৩ ওভার) ১৮৬ উইকেট পতন :১/৪২ (বেল), ২/১০৯ (ট্রট), ৩/১১২ (কুক), ৪/১৬৮ (মরগান), ৫/১৭১। বোলিং :কাইল মিলস ৭.৩-০-৩৪-০ (ও-১), টিম সাউদি ১০-১-৪৮-৩ (ও-৩), এন্ড্রু এলিস ৮-০-৩৫-২, নাথান ম্যাককালাম ৭-০-৩৯-০, কিন উইলিয়ামসন ১-০-৯-০, জেমস ফ্রাঙ্কলিন ৪-০-২০-০। ফল : ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী। সিরিজ : তিন ম্যাচের সিরিজ ইংল্যান্ড ২-১ ব্যবধানে জিতলো। - বাসস/এএফপি