শর্তসাপেক্ষে জামিন পেলেন পিস্টোরিয়াস

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
অস্কার পিস্টোরিয়াস গত শুক্রবার প্রিটোরিয়ার জনাকীর্ণ কোর্টহাউস থেকে যখন বেরিয়ে আসেন তখন কিছুটা সময়ের জন্য হলেও নিজেকে নির্ভার ভাবতেই পারেন তিনি। কারণ চারদিনের তর্ক বিতর্ক শেষে বান্ধবী রিভা স্টিনক্যাম্পের খুনের মামলায় শর্তসাপেক্ষে জামিন লাভ করেন এই প্যারা অলিম্পিয়ান। তবে কেন পিস্টোরিয়াস এমনটি করলেন সেই রহস্যের এখনো কোন কিনারা হয়নি। কোর্টের প্রধান ম্যাজিস্ট্রেট ডেসমন্ড নায়ার এই জামিনের রায় সম্পর্কে তার বিবৃতিতে বলেন, ‘আমি এই উপসংহারে পৌঁছাতে পেরেছি যে, অভিযুক্ত ব্যক্তি জামিন পাওয়ার জন্য উপযুক্ত তথ্য প্রমাণ হাজির করতে পেরেছে।’ তার এই রায় ঘোষণার সাথে সাথে আদালতে উপস্থিত পিস্টোরিয়াসের আত্মীয়-স্বজন এবং বন্ধুরা একে অপরকে আলিঙ্গনে বাঁধেন। কেউ কেউ বাতাসে ছোড়েন মুষ্টিবদ্ধ হাত। অনেককে দেখা যায় চোখের পানি মুছতে। নিজেকে সামলে নিয়ে অস্কার পিস্টোরিয়াসের চাচা আর্নল্ড পিস্টোরিয়াস সাংবাদিকদের বলেন, ‘পিস্টোরিয়াসের জামিনের সংবাদে আমরা সবাই অনেকটা হাপ ছেড়ে বেঁচেছি। একই সঙ্গে আমরা সমবেদনা জানাই রিভার (স্টিনক্যাম্প) পরিবারকে তাদের এই গভীর শোকের সময়টাতে।’ তিনি আরও বলেন, ‘একই পরিবারের সদস্য হিসেবে আমরা পিস্টোরিয়াসের তরফে জানি সেদিন (হত্যাকাণ্ডের দিন) কি ঘটেছিল। আমরা জানি সে (পিস্টোরিয়াস) যা বলেছে সেটাই সত্য এবং ভবিষ্যতে কোর্টে সেটাই প্রমাণিত হবে।’ তবে জামিন পাওয়াটা মোটেই সহজ হয়নি পিস্টোরিয়াসের জন্য। দুই ঘণ্টা বাদী এবং বিবাদী পক্ষের যুক্তি-তর্ক শোনার পরে এই রায় দেন আদালত। তবে এর আগে পিস্টোরিয়াসের অপরাধের মাত্রা বিবেচনা করে তার জন্য জামিনের শর্ত প্রায় দ্বিগুণ করে দেন ম্যাজিস্ট্রেট। পিস্টোরিয়াসের জামিন ধার্য করা হয় এক লাখ তের হাজার ডলার। এর মধ্যে প্রমাণ হিসেবে তখনই জমা নেয়া হয় ১১,৩০০ ডলার। আগামী ৪ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। পিস্টোরিয়াস এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার বাইরে যাওয়া তো বটেই এমনকি কোন বিমান বন্দরের বহির্গমন কক্ষেও যেতে পারবেন না। সপ্তাহের দু্ই দিন তাকে হাজিরা দিতে হবে স্থানীয় পুলিশ স্টেশনে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মদ্যপানের উপরেও। তাছাড়া তার পাসপোর্ট এবং নিজের নামে লাইসেন্সকৃত অন্যান্য আগ্নেয়াস্ত্রও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।