পয়েন্ট টেবিলে চোখ বুলালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৫। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৩। ১২ পয়েন্ট পিছিয়ে থেকে কাগজে-কলমে এখনো সিটির সামনে লিগ শিরোপা জয়ের সুযোগ আছে। কিন্তু এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের যে ফর্ম তাতে তাদের পিছনে ফেলে নগর প্রতিদ্বন্দ্বীদের শিরোপার স্বপ্ন দেখা একটু বাড়াবাড়ি মনে হতে পারে ফুটবলামোদীদের কাছে। তার মধ্যে আবার আজকের ম্যাচে নিজেদের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে তৃতীয় স্থানে থাকা চেলসির মোকাবেলা করবে ম্যান সিটি। সঙ্গত কারণেই এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের ‘দ্বিতীয় স্থান’ আরও মজবুত করতে চায় কোচ রবার্তো মানচিনির দল।
চেলসি অর্জন এ খেলার আগ পর্যন্ত ২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট। হোম ভেন্যুর সুবিধাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে জয় ছাড়া অন্য কিছুই ভাবনাতে নেই ম্যানচেস্টার সিটির। এই অবস্থা থেকে লিগ শিরোপা জয়ের আশা অনেকটা ছেড়েই দিয়েছেন মানচিনি। তাই তিনি বলেন, ‘এখন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করা আমাদের জন্য বেশ কষ্টকর। শিরোপার জন্য আমাদের ভরসা এখন এফএ কাপ। আমরা যদি দ্বিতীয় স্থান ধরে রাখতে পারি, তাহলে কেউ বলতে পারবে না যে আমরা খুব বাজে একটা মৌসুম কাটিয়েছি। শেষ মৌসুমে ইউনাইটেডও এই অবস্থানেই ছিল।’
ম্যানচেস্টার সিটির ইটালিয়ান এই কোচ শীর্ষে থাকা রেড ডেভিলদের প্রশংসা করে বলেন, ‘ইউনাইটেডের এই অবস্থানে আসতে ২৫ বছর লেগেছে। তাই কোন ক্লাব চাইলেই দু’বছরের মধ্যে তাদের মতো হতে পারবে না। ইউনাইটেড কিংবা বার্সেলোনার মতো একটি দল গড়ে তুলতে কম করে হলেও পাঁচ থেকে আট বছর সময় লাগবে।’
ঘটনাক্রমে চেলসিরও লক্ষ্য ‘দ্বিতীয় স্থান’। ব্লুজ দলের অধিনায়ক জন টেরি বলেন, ‘এই মৌসুমটা আমাদের জন্য হতাশার। ম্যানচেস্টার ইউনাইটেড অনেকটা এগিয়ে গিয়ে একতরফাভাবে নিজেদের শিরোপার দাবিদার প্রমাণ করেছে। তবে, আমার মতে এখনো আমরা দ্বিতীয় স্থানে থাকতে পারি।’ ব্রাজিলিয়ান কোচ লুইজ ফিলিপ স্কলারির অধীনে সর্বশেষ ২০০৮ সালে ইত্তেহাদ স্টেডিয়ামে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছিল গেল মৌসুমে ইউরোপ সেরা চেলসি। যদিও এবার স্ট্যামফোর্ড ব্রিজে দুদলের মধ্যকার প্রথম লেগের খেলাটিতে গোলশূন্য ড্রয়ে বাধ্য হয়েছিল চেলসি। সেই ম্যাচের স্মৃতিকে সামনে নিয়ে এসে চেলসি কোচ রাফায়েল বেনিতেজ বলেন, ‘তিন মাসে আমাদের দলের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমরা অনেক ম্যাচ খেলেছি। এখন আমাদের দল আগের থেকে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। তবে, আমাদের আরও উন্নতির সুযোগ রয়েছে।’
সব মিলিয়ে ফুটবলামোদীরা ইংলিশ ফুটবলের দুই জায়ান্টের এ লড়াইয়ে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায়।
আজকের ম্যাচ :ম্যানচেস্টার সিটি - চেলসি। নিউক্যালস ইউনাইটেড - সাউদাম্পটন ইউনাইটেড
