দশ হাজার শ্রমিকের প্রবাসী কল্যাণ ব্যাংকে হিসাব

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৭
সরকারিভাবে মালয়েশিয়া গমনে চূড়ান্তভাবে নির্বাচিত দশ হাজার শ্রমিক গত এক সপ্তাহে প্রবাসী কল্যাণ ব্যাংকে (পিকেবি) হিসাব খুলেছে। ব্যাংক থেকে অভিবাসী ঋণ গ্রহণ এবং প্রবাস থেকে রেমিটেন্স প্রেরণের লক্ষ্যে তারা এই ব্যাংক হিসাব খুলেছে। বিদেশগামী শ্রমিকরা প্রথমবারের মতো স্বল্প খরচে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ায় গমনে প্রাথমিকভাবে নির্বাচিত সাড়ে ১১ হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১০ হাজার শ্রমিক গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পিকেবিতে ব্যাংক হিসাব খুলেছেন। এ প্রসঙ্গে পিকেবির ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামী বলেন, ‘প্রাথমিকভাবে নির্বাচিত মালয়েশিয়াগামী শ্রমিকদের গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রত্যেক জেলার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ চলাকালীন সময়ে ব্যাংক কর্মীরা ট্রেনিং সেন্টারে গিয়ে শ্রমিকদের ব্যাংক হিসাব খুলেছেন।’ তিনি বলেন, ব্যাংক হিসাব খোলা দশ হাজার শ্রমিকের মধ্যে ৬ হাজার শ্রমিক ইতিমধ্যে পিকেবি থেকে অভিবাসী ঋণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। কেবল ৬ হাজার নয়, চূড়ান্তভাবে নির্বাচিত সব শ্রমিককে ঋণ প্রদানের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান। স্বল্প খরচে এবং দালালদের প্রতারণার হাত থেকে বিদেশ গমনেচ্ছুদের রক্ষায় সরকারিভাবে ৫ লাখ শ্রমিক মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে গত ১৩ জানুয়ারি থেকে দেশের প্রতিটি জেলায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে অনলাইনে মালয়েশিয়া গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ৭ বিভাগ থেকে ১৪ লাখ ৩৫ হাজার ৪৩৬ জন মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিক অনলাইনে নিবন্ধন করে। এর মধ্যে প্লান্টেশন কর্মী হিসেবে মালয়েশিয়া পাঠাতে লটারীর মাধ্যমে প্রাথমিকভাবে সাড়ে ১১ হাজার শ্রমিককে নির্বাচিত করা হয়। প্রশিক্ষণ ও শারীরিক পরীক্ষার পর চূড়ান্তভাবে দশ হাজার নির্বাচিত হয়। আগামী মাসের শেষের দিকে এ সব শ্রমিক মালয়েশিয়ায় পাড়ি জমাবেন। নির্বাচিত এসব শ্রমিকের প্রত্যেকে মাত্র ৪০ হাজার টাকা খরচ করে মালয়েশিয়া যেতে পারবেন। তাদের কেবল নিজ খরচে পাসপোর্ট করতে হবে। বাকি সব খরচ মেটাতে পিকেবি থেকে ঋণ সহায়তা দেয়া হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ গমনেচ্ছুদের মাত্র ৯ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ প্রদান করে থাকে।