ইরানে পর্যাপ্ত ইউরেনিয়াম পাওয়ার ঘোষণা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২০
পরমাণু প্রকল্পে ব্যবহার করার মতো পর্যাপ্ত ইউরেনিয়াম খনিজ মজুদ পাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। পাশাপাশি আরো ১৬টি নতুন পরমাণু বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র স্থাপনের ঘোষণাও দিয়েছে দেশটি। শনিবার ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে রাষ্ট্রিয় বার্তা সংস্থা আইআরএনএ। বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠকের ঠিক আগে ইরান ইউরেনিয়াম খনিজ পাওয়ার কথা জানালো। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ইউরেনিয়ামের এসব মজুদ আবিষ্কার হয়েছে বলে জানিয়েছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। এখানে আগের হিসাবকৃত মজুদের চেয়ে তিনগুণেরও বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আগে থেকেই ইরানের কয়েকটি ইউরেনিয়ামের খনি ছিল। কিন্তু সেগুলোর মজুদ তেমন উল্লেখযোগ্য ছিল না। ইরানের অপরিশোধিত ইউরেনিয়ামের মজুদ প্রায় ফুরিয়ে আসছে, পশ্চিমা বিশেষজ্ঞরা এরকমই ধারণা করছিলেন। মঙ্গলবার কাজাখস্তানে তথাকথিত পি৫+১ তথা ছয় বিশ্বশক্তির সঙ্গে বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে ইরানের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ন্ত্রিত করার শর্তে ইরানকে কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাব করা হতে পারে বলে জানিয়েছিলেন পশ্চিমা কূটনীতিকরা। এখন ইরানের নতুন ইউরেনিয়াম মজুদ আবিষ্কারের ঘোষণার প্রেক্ষিতে পরিস্থিতি নতুন কোনো দিকে মোড় নিতে পারে। পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমা দেশগুলোর সন্দেহ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে নিজেদের পরমাণু প্রকল্পকে বিদ্যুত্ উত্পাদনের মতো শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করেছে ইরান।