কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর অবসরের ইঙ্গিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২১
কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর প্রেসিডেন্ট পদের প্রথম মেয়াদ শেষ হচ্ছে শনিবার। দ্বিতীয় মেয়াদের পরবর্তী পাঁচ বছরের জন্য রবিবারই তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে শুক্রবার কিছুটা কৌতুকের সুরে নিজের অবসরের ইঙ্গিত দেন তিনি। সোভিয়েত সেনাদের স্মৃতির উদ্দেশে তৈরি করা একটি সৌধে সফরকারী রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভকে নিয়ে শ্রদ্ধা জানাতে যান তিনি। সেখানে সাংবাদিক-দের সঙ্গে কথা বলার সময় তিনি এ ইঙ্গিত দেন। খবর রয়টার্সের। মেদভেদভের উপস্থিতিতে হাসতে হাসতে রাউল বলেন, আমি অবসর নিতে যাচ্ছি। আমি ৮২ তে পড়তে যাচ্ছি, ইতোমধ্যে অবসর নেয়ার অধিকার অর্জনও করে ফেলেছি। আপনারা আমাকে বিশ্বাস করেন না? আপনারা এতো সন্দিহান কেন? রবিবারের জাতীয় পরিষদের বৈঠকের দিকে মনোযোগ দেয়ার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন রাউল। বৈঠকে পরবর্তী মেয়াদের প্রেসিডেন্ট ও রাষ্ট্রীয় পরিষদ নির্বাচন করা হবে। ২০০৮ সালে বড় ভাই কিউবার বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ট্রোর অবসরের পর কিউবার প্রেসিডেন্ট হন রাউল। আগামী জুনে তার বয়স ৮২ বছর হবে। গত কয়েক বছর ধরে রাউল বলে আসছেন, কিউবার কমিউনিস্ট পার্টি নেতাদের শুধু দুই মেয়াদে (১০ বছর) প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করা উচিত।