চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম সাত মাসে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের অনুকূলে ১৪১ কোটি ডলার ছাড় করেছে। বৈদেশিক সহায়তার এই ছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেশী। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় দাতাদের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে থাকলেও আগামী মাসের মধ্যে এ পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হবে। ইআরডি’র সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে ছাড় হয়েছে ১৪৬ কোটি ৯ লাখ ডলার। এর মধ্যে ঋণ ১১৪ কোটি ৬ লাখ ডলার এবং অনুদান ৩২ কোটি ২ লাখ ডলার। গত অর্থবছরের প্রথম সাত মাসে মোট সহায়তা ছাড় হয়েছিল ১০৩ কোটি ২০ লাখ ডলার। তবে চলতি অর্থবছরের আলোচ্য সময়ে খাদ্য সহায়তা বাবদ কোন অর্থ আসেনি।
আলোচিত সময়কালে বাংলাদেশের অনুকূলে সবচেয়ে বেশী প্রায় ৩৮ কোটি ১৮ লাখ ডলার ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশ্বব্যাংক ছাড় করেছে ৩৪ কোটি ২৮ লাখ ডলার। জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) ছাড় করেছে ২২ কোটি ১৮ লাখ ডলার।
অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৪৬ কোটি ৮৭ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে পরিশোধ ছিল ৪৬ কোটি ৬২ লাখ ডলার। এ বছর আলোচ্য সময় পর্যন্ত প্রতিশু্রতি পাওয়া গেছে প্রায় ২২৩ কোটি ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭১ কোটি ডলার কম। গত বছরের জানুয়ারি পর্যন্ত দাতারা বাংলাদেশের অনুকূলে ৪০১ কোটি ডলারের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি দেয়।
