নতুন দু’টি বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করবে সরকার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩১
নতুন দু’টি বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করবে সরকার। বড় পুকুরিয়ায় কয়লাভিত্তিক আড়াইশ’ মেগাওয়াট ও চাঁপাইনবাবগঞ্জে একশ’ মেগাওয়াটের এ দুটি বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করা হবে। এজন্য সরকারের ব্যয় হবে প্রায় এক হাজার ৩৫০ কোটি টাকা। গতকাল রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্প দুটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, চাঁপাইনবাবগঞ্জে ১০০ মেগাওয়াটের বিদ্যুত্ কেন্দ্রের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯৪৮ কোটি টাকা। চায়নার হুবেই ইলেকট্রনিক্স পাওয়ার সার্ভে ও ডিজাইন লিমিটেড এই বিদ্যুত্ কেন্দ্রটি নির্মাণ করবে। এছাড়া বড়পুকুরিয়া প্রস্তাবিত বিদ্যুত্ কেন্দ্রের ব্যয় ধরা হয়েছে ৪০৮ কোটি টাকা। এর মধ্যে সরকার ২০৫ কোটি টাকার সংস্থান করবে। বাকি টাকা বিদেশি বিনিয়োগ হিসেবে আসবে। কানাডার হারবিন কোম্পানি এই প্রকল্প নির্মাণের দায়িত্ব পেয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের জন্য ২০ হাজার ৫০০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ক্রয় প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১২৭ কোটি ৫ লাখ ৫২ হাজার টাকা। গতকাল সভায় শিল্প মন্ত্রণালয়ের চট্টগ্রাম কেমিকেল কমপ্লেক্স নতুন করে চালু করার প্রস্তাব পাস হয়েছে।