ব্রিটেনের জনপ্রিয় রেডিও এবং টিভি উপস্থাপক ইকবাল ফেরদৌস ইতোমধ্যেই রেডিও এবং টিভিতে ভিন্নধর্মী নানান অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি কমিউনিটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হলো মেধাবী এই তরুণের প্রথম গল্পগ্রন্থ ‘বিয়ান’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন স্পেন প্রবাসী বিশ্ববিখ্যাত বাঙালি চিত্রশিল্পী মনিরুল ইসলাম আর অলংকরণ করেছেন রবি হাসান। প্রকাশনায় রয়েছে প্রিয়মুখ প্রকাশনী। বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার ১১৬ নম্বর স্টলে। বইটি প্রসঙ্গে ইকবাল ফেরদৌস বলেন, ‘আমাদের সমাজের চারপাশে ঘটে যাওয়া নানান অসংগতিগুলো গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এটিই আমার প্রথম গল্পগ্রন্থ। নিজের দেখা বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বইটি লিখেছি। ‘বিয়ান’ শব্দটির অর্থ হচ্ছে সকাল। সিলেটের আঞ্চলিক ভাষা বিয়ান। মূলত বইয়ের গল্পগুলো অনেকটা সিলেটকে ভিত্তি করে বলেই এর নামকরণ এভাবে করা হয়েছে। ছয়টি ভিন্ন প্রেক্ষাপট নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো, আশা করি পাঠকেরা গল্পগুলোতে ভিন্ন স্বাদ পাবে।’
