সাঞ্জামুলের আট উইকেটে পরাজয়ের শংকা মধ্যাঞ্চলের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল পাঁচ দিনের করার একটা বড় লক্ষ্য হলো ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে উত্সাহ দেয়া; কিন্তু ম্যাচের তৃতীয় দিনে এসে দুই দল মিলিয়ে একদিনেই ১৩ উইকেট হারানোয় এ ম্যাচ আর ৫ দিনে যাবে বলে মনে হচ্ছে না। উত্তরাঞ্চলের বোলার সাঞ্জামুলের ৮ উইকেট শিকার ও ব্যাটসম্যানদের আত্মসমপর্ণে দিনটাই হয়ে গেল বোলারদের। দ্বিতীয় ইনিংসে ২৫১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বিসিবি উত্তরাঞ্চল; কিন্তু কাল দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে দুই পেসার তাসকিন আহমেদ ও শাহাদাত দুইটি করে উইকেট নেয়ায় মাত্র এক ঘণ্টার মধ্যে ফিরে যান উত্তরাঞ্চলের পাঁচ টপ অর্ডার ব্যাটসম্যান। ম্যাচের আজ চতুর্থ দিনে জিততে হলে তাদের প্রয়োজন ১২২ রান। ম্যাচের দ্বিতীয় দিনের শেষ সেশনটা ছিল হ্যাটট্টিকম্যান মোহাম্মদ আশরাফুলের। কাল দিনের প্রথম সেশনটা দখলে নিলেন বাঁ-হাতি স্পিনার সাঞ্জামুল। রকিবুল হাসান ও মোশাররফ হোসেন শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেনি এই জুটি। লাঞ্চের এক ঘণ্টা আগে এই জুটি ৪৪ রান করে বিদায় নেয়। এর পর সাঞ্জামুলের আক্রমণে লাঞ্চের আগেই মধ্যাঞ্চলের সাত উইকেট পড়ে যায়। তবে তখনো আশরাফুল ছিলেন ১৭ রানে অপরাজিত। ১৬৫ মিনিট ব্যাট করে রকিবুল ফিফটি পেলেও আশরাফুল পেলেন না মাত্র নয় রানের জন্য (৪১)। ব্যাটিং অর্ডার চার নম্বর থেকে শুরু করে এগার নম্বর ব্যাটসম্যানকে আউট করেছেন সাঞ্জামুল। আট উইকেট নেয়ার কৃতিত্ব সাঞ্জামুলের এটাই প্রথম নয়; এর আগে জাতীয় লিগে ১২১ রানে নয় উইকেট নেয়ার রেকর্ড রয়েছে তার। চা বিরতির আগেই মধ্যাঞ্চল অলআউট হয়ে যায় ২৪৭ রানে। ফলে ২৫০ রানের লিড পায় মধ্যাঞ্চল। ম্যাচের তখনো দুইদিন এক সেশন বাকি, অথচ উত্তরাঞ্চলের ব্যাটিংয়ে একটু তাড়াতাড়ির ছাপটা ছিল বেশি। দলীয় নয় রানে ফরহাদ হোসেনকে দিয়ে পতন শুরু শুরু। এরপর মায়শুকুর রহমান, নাঈম ইসলাম ও সাব্বির রহমান বিদায় নেন দলীয় ৫০ রানের আগেই। তাতেই কাল দিনের তৃতীয় সেশনে ব্যাকফুটে চলে যায় বিসিবি উত্তরাঞ্চল। অধিনায়ক জহুরুল ও সাঞ্জামুল মিলে ষষ্ঠ উইকেটে ৫৮ রান তুলেন। এই জুটি কাল দিনের খেলা শেষ করেন। বাকি আছে দুই দিন, জিততে হলে উত্তরাঞ্চলকে করতে হবে আরো ১২২ রান এবং মধ্যাঞ্চলের প্রয়োজন ৫ উইকেট। ওয়ালটন মধ্যাঞ্চল: ২৭৭ ও ২৪৭/১০ (রকিবুল ৬৮, নূরুল ৫৫, আশরাফুল ৪১, শামছুর ২৪, শাহাদাত ১৯, সাঞ্জামুল ৮/৭৩, ফরহাদ ২/৩৯)। বিসিবি উত্তরাঞ্চল: ২৭৪ ও ৩২ ওভারে ১২৯/৫ (নাসির ১৯, জহুরুল অপ: ৩৯, মায়শুকুর ১৩, সাব্বির ১২, সাঞ্জামুল অপ: ৩৪, মোশাররফ ২/৪৭)।