তিন বছর পর টেস্ট দলে এনামুল!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৭
এক সময় দেশের সেরা টেস্ট স্পিনার ছিলেন এনামুল। তার হাত ধরেই দেশের প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জয় এসেছে। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে গিয়ে টেস্টে হারিয়ে আসারও অন্যতম নায়ক তিনি। গত দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে শতাধিক উইকেট নিয়েছেন! এতোকিছুর পরও তিন বছর ধরে টেস্ট দলে ডাকই পাচ্ছিলেন না। অবশেষে নির্বাচকরা তাদের অবস্থান থেকে সরে আসলেন। শ্রীলংকা সফরে টেস্ট দলে ডাক পেলেন বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ফোনের ওপারের কণ্ঠ শুনে বোঝা গেল না কতটা খুশি হয়েছেন এনামুল হক জুনিয়র। টেস্ট দলে ফেরার খবরটি এনামুলকে যতটা খুশি করার কথা ঠিক উচ্ছ্বসিত মনে হলো না কণ্ঠটা। কারণ হতে পারে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু এনাম বললেন কারণ তা নয়। কারণ হল, তিনি খানিকটা নিশ্চিতই ছিলেন, এবার অন্তত দলে ডাক পাবেন। এবার জাতীয় লিগে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ভালো পারফর্ম করেছেন। এই দুই টুর্নামেন্টে ভালো করার কারণেই বিশ্বাস ছিল জাতীয় দলে সুযোগ পাবেন। আর সাকিব আল হাসানের ইনজুরি সেই সম্ভাবনাকে আরো জোরালো করে তুলেছিল। তাই কাল জাতীয় দলে সুযোগ পেয়েছেন খবরটি শুনে এনামুলের উত্তর, ‘এবার ভালো করায় প্রত্যাশা ছিল জাতীয় দলে সুযোগ পাব। এমনকি আশা ছিল, সাকিব খেললেও জাতীয় দলে সুযোগ পেতে পারি’। ২০০৯ সালে সেন্ট জর্জে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারানো ম্যাচে এনামুল দুই ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন। এরপর থেকে যেন নির্বাচকদের দৃষ্টির আড়ালেই চলে যান বাঁ-হাতি এই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে থাকলেও তিন পেসার খেলানোয় তাকে দল থেকে সরে যেতে হয়েছে। এরপর জাতীয় দলের জার্সি গায়ে এনামুলকে আর দেখা যায়নি। গত দুই মৌসুমে এনামুলের ভাণ্ডারে জমা হয়েছে ১০৫টি উইকেট! ঈর্ষণীয় সাফল্য; তবুও জাতীয় দলে ঢোকার ক্ষেত্রে কোথায় যেন বাধা আসতো তার। তবে তিনি থেমে থাকেননি। নিজের মত করে খেলে পারফর্ম করে গেছেন। এনাম বলছেন, তিনি আসলে দলে ডাক পাওয়ার চেয়ে নিজের পারফরমেন্স নিয়েই বেশি ভেবেছেন, ‘দেখুন আমি সবসময় আমার পারফর্ম নিয়ে চিন্তিত ছিলাম। আমি জানতাম আমি পারফর্ম করলে এক সময় পুরস্কার পাব। আমি শুধু চেষ্টা করেছি ধারাবাহিকভাবে ভালো খেলতে’। এনামুল যদিও বিশ্বাস করেন সাকিব আল হাসানের ইনজুরি না হলেও তিনি জাতীয় দলে সুযোগ পেতেন। কিন্তু দৃশ্যত সাকিবের ইনজুরি তাকে তিন বছর পর সুযোগ করে দিয়েছে; কাল প্রধান নির্বাচকের কথায় বোঝা গেছে সেটি। আকরাম খান বলেন, ‘সাকিবের ইনজুরির কারণে আমরা এনামুল ও মোমিনুল হককে নিয়েছি। এনামুলের পাশাপাশি আমরা সাকলাইন সজিব ও মোশাররফ হোসেন রুবেলকেও বিবেচনায় এনেছিলাম। কিন্তু মোশাররফ ও সাকলাইনের তুলনায় এনামুলের অভিজ্ঞতা বেশি। তাই বাঁ-হাতি এই স্পিনারকে নেয়া হয়েছে’।