ডেভিড ভিয়া এবং লিওনেল মেসির গোলে শনিবার লা লিগায় বার্সেলোনা ২-১ গোলে পরাজিত করেছে সেভিয়াকে। কাকা ও গঞ্জালো হিগুয়েনের গোলে একই ব্যবধানে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে লা লিগায় ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটি বেশ ভালভাবেই ধরে রাখলো বার্সা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের তুলনায় তাদের পয়েন্টের ব্যবধান এখন ১৫।
সপ্তাহের মাঝামাঝিতে এসি মিলানের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হতাশ হওয়া কাতালানরা ৪২ মিনিটে আলবার্তো বোতিয়ার গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছেড়েছে। ম্যাচ শেষে তাই বার্সার আর্জেন্টাইন তারকা জ্যাভিয়ার মাসকেরানো মনে করছেন দ্বিতীয়ার্ধে সমতায় ফেরাটাই ছিল দলের জন্য টার্নিং পয়েন্ট। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা সবাই বুঝতে পেরেছিলাম প্রথমার্ধে আমরা মোটেই ভাল খেলিনি। আমাদের আরো কিছু দেবার আছে। দ্বিতীয়ার্ধে আমরা আরো বেশি সংঘবদ্ধ হয়ে খেলা শুরু করি এবং সৌভাগ্যবশত দ্রুত ম্যাচে সমতা আনতে সক্ষম হই।’
পরের ম্যাচে বার্সেলোনা স্প্যানিশ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচকে সামনে রেখে মাসকেরানো মনে করেন ঘরের মাঠের সুবিধা এবং এ্যাওয়ে ম্যাচে গোল এসবই তাদেরকে রিয়ালের বিপক্ষে কিছুটা হলেও এগিয়ে রাখবে। তিনি বলেন মঙ্গলবার আমাদের সামনে বড় ম্যাচ অপেক্ষা করছে। তবে আমাদের সামনে কিছু সুবিধা আছে। আমরা একটি দারুণ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামছি। আর তাই সঠিক সময়ে সকলের সঠিক কাজটুকু করতে হবে।
এসি মিলানের বিপক্ষে ২-০ গোলের হতাশাজনক পরাজয়ের পরে নিজেদের ফিরিয়ে আনার যে চ্যালেঞ্জ বার্সার সামনে ছিল তা মোটামুটি কাটিয়ে উঠতে সমর্থ হয়েছে মেসিবাহিনী। যদিও ম্যাচের শুরুতে সেভিয়ার শক্ত রক্ষণভাগের কারণে কিছুটা হলেও বেগ পেতে হয়েছে বার্সাকে। প্রথমার্ধে মেসির একটি নীচু শট এবং একটি ফ্রি-কিক সেভিয়ার গোলরক্ষক বেটো বেশ দক্ষতার সাথেই রক্ষা করেন। কিন্তু বিরতির আগ মুহূর্তে সেভিয়ার প্রথম একটি সিরিয়াস আক্রমণ থেকে সফরকারীরা যখন লিড পায় তখন বার্সা শিবির হতবাক হয়ে পড়ে। সেভিয়ার ডিভেন্ডার কোক ডানদিক থেকে ফ্রি-কিকের মাধ্যমে বল পেয়ে ক্রস করলে তার থেকে ভিক্টর ভালডেসের মাথার উপর দিয়ে হেডের সাহায্যে সফরকারীদের এগিয়ে দেন বার্সার সাবেক ডিফেন্ডার বোতিয়া।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বার্সা কোচ জোর্দি রোরা বাধ্য হয়েই আক্রমণভাগে সাফল্যের আশায় এ্যালেঙ্সি সানচেজের পরিবর্তে ক্রিস্টিয়ান টেলোকে নামান। আর মাঠে নেমেই অনুর্ধ্ব-২১ স্প্যানিশ জাতীয় দলের এই স্ট্রাইকার বার্সার আক্রমণভাগে দারুণ প্রভাব বিস্তার করতে থাকেন। ৫২ মিনিটেই কাঙ্ক্ষিত সাফল্যও পেয়ে যায় স্বাগতিকরা। ডানি আলভেসের নির্দিষ্ট ক্রস থেকে হেডের সাহায্যে ম্যাচে সমতা ফেরান তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া। আট মিনিট পরে টেলোর দারুণ একটি কাট ব্যাক থেকে লীগে টানা ১৫তম গোল করতে ভুল করেননি মেসি।
তবে পিছিয়ে পড়েও ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেয়নি সেভিয়া। ইভান রাকিটিচের পরে ৭৫ মিনিটে আলভারো নেগরেডোর জোরালো শট অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। তবে শেষ পর্যন্ত আর কোন ঝামেলা ছাড়াই চলতি মৌসুমে ২৫ ম্যাচে ২২তম জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।
রিয়ালও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মতো ম্যাচে পিছিয়ে পড়েছিল। ৩৫ মিনিটে নিজেদের মাঠে গোল করে রিয়াল শিবিরকে চমকে দেন সানচেজ রিকি। প্রথমার্ধে লিড নিয়ে দ্বিতীয়ার্ধে নেমে বেশি একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৭৩ মিনিটে কাকার গোলে সমতায় ফেরার পর ৮৮ মিনিটে গঞ্জালো হিগুয়েনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।- বাসস
শনিবারের ফলাফল
মায়োর্কা ১ গেটাফে ৩
রিয়াল জারাগোজা ২ ভ্যালেন্সিয়া ২
দেপোর্তিভো লা করুনা ১ - রিয়াল মাদ্রিদ ২
বার্সেলোনা ২ সেভিয়া ১
