একই দিনে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। শনিবার রাতে নিজেদের ২৭তম ম্যাচে ম্যান ইউ ২-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের সর্বশেষ দল কুইন্স পার্ক রেঞ্জার্সকে। এছাড়া স্যান্টি কাজোরলার জোড়া গোলে আর্সেনাল ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।
ম্যাচের ২৩ মিনিটে ডাচ স্ট্রাইকার রবিন ভ্যান পার্সির এক ক্রসে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক হাফ ভলিতে রেড ডেভিলদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান রাইটব্যাক রাফায়েল। আর ম্যাচের দশ মিনিট বাকি থাকতে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন রায়ান গিগস। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ১৫ পয়েন্টে এগিয়ে গেল তারা। ওদিকে, এই হারের ফলে কুইন্স পার্ক রেঞ্জার্সের আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে টিকে থাকার স্বপ্ন আস্তে আস্তে ধূলিস্যাত্ হয়ে পড়ছে। পয়েন্ট তালিকার তলানিতেই এখনও পড়ে আছে তারা।
দলের এমন জয়ের পর কোচ অ্যালেক্স ফার্গুসন বলেন, ‘এই জয়ে আমরা বেশ ভালো অবস্থায় পৌঁছে গেছি। প্রত্যকটি ম্যাচই আমাদের গুরুত্বপূর্ণ। তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামি। এ ম্যাচেও এর ব্যতিক্রম ছিল না। ভবিষ্যতেও ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবো আমরা।’ ২৭ খেলা শেষে বর্তমানে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যান ইউ। সমানসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান কুইন্স পার্ক রেঞ্জার্স।
এদিকে, ম্যাচের প্রথমেই কাজোরলার করা গোলে এগিয়ে যায় গানাররা। পরে আন্দ্রেস ওয়েইম্যানের দ্বিতীয়ার্ধের গোলে সমতা ফেরায় অ্যাস্টন ভিলা, কিন্তু ম্যাচ শেষ হবার ৫ মিনিট আগে আরেকটি গোল করে কোচ আর্সেন ওয়েঙ্গারের কপালের দুশ্চিন্তার ভাঁজকে আর বাড়তে দেননি স্যান্তি কাজোরলা। এই জয়ের ফলে চতুর্থ স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো আর্সেনাল। বায়ার্নের সাথে হারের পর একাদশে চারটি পরিবর্তন আনেন ওয়েঙ্গার। লেফটব্যাক নাচো মনরিয়াল, স্ট্রাইকার অলিভিয়ের জিরৌ, মিডফিল্ডার আবু দিয়াবি, কার্ল জেনকিনসন সবাই এই ম্যাচে খেলেছেন। তবে সেরকম ভালো খেলতে পারেননি জিরৌ, ওদিকে আর্সেনালের ডিফেন্স বেশ ভালোই সংগঠিত ছিল। যথারীতি অ্যাঙ্করম্যানের ভূমিকায় সফল জ্যাক উইলশেয়ার, তাকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন মিকেল আরটেটা নির্ভুল পাসিংয়ের মাধ্যমে।
এরপর ম্যাচের বাকি অল্প সময়ে ২-১ গোলে এগিয়ে থাকার ব্যবধান অব্যাহত রেখে হাসি মুখেই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ২৭ খেলা শেষে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থাকলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তাই এ ম্যাচ নিয়ে দলের কোচ ওয়েঙ্গার বলেন, ‘ম্যাচের শুরুর দিকে গোল পেলেও পরের দিকে দল কিছুটা বিচলিত ছিল। তবে সময় গড়ানোর সাথে সাথে সেই সমস্যা ঠিকই দূর হয়েছে। তবে এ ম্যাচ থেকে পাওয়া তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’ আর্সেনালের কাছে এ ম্যাচ হারায় পয়েন্ট টেবিলে অবস্থানের দিক দিয়ে কোন পরিবর্তন হয়নি অ্যাস্টন ভিলার। ২৭ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানেই থাকলো ভিলা।
