রাজধানীতে প্রায় চার হাজার বস্তি রয়েছে। আর বস্তিতে প্রায় ৩৫ লাখ লোক বসবাস করে। চার দিন বিরতির পর গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদকে এ কথা জানান।
স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে বিরোধী দলবিহীন গতকাল ছিলো চলতি অধিবেশনের ১৭তম কার্যদিবস। টেবিলে উত্থাপতি প্রশ্নোত্তর পর্বে বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী উপরোক্ত তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে বস্তিবাসীদের উন্নয়নের জন্য নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ (ইউপিপিআর) প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যাত্রাবাড়ি ফ্লাইওভার মার্চে উদ্বোধন
মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, যাত্রাবাড়ী-সায়েদাবাদ অংশ এবং মহানগরীর সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক ও ঢাকা-ডেমরা মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ফ্লাইওভার নির্মাণাধীন রয়েছে। যানজট ন্যূনতম পর্যায়ে রাখার লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে সুপারস্ট্রাকচার রাস্তার উপরে নির্মাণ না করে, ইয়ার্ডে তৈরি করা হয়। ইতোমধ্যে শতকরা ৭৪ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২৬ মার্চ ফ্লাইওভার উদ্বোধনের লক্ষ্যে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে।
সিটি ট্যাক্স ধার্যের বিষয়টি প্রক্রিয়াধীন
সৈয়দ মহসিন আলী জানতে চান, বিদেশের মেগাসিটিতে যানবাহন নিয়ে প্রবেশ করলে সিটি ট্যাক্স দিতে হয়। বাংলাদেশে এ ব্যবস্থা চালু হবে কি না? জবাবে মন্ত্রী জানান, পৃথিবীর অন্যান্য মেগাসিটির ন্যায় যানবাহন প্রবেশ এবং হোটেলে অবস্থানকারীদের নিকট ভাড়ার সাথে সিটি ট্যাক্স নির্ধারণের বিষয়ে স্থানীয় সরকার বিভাগে কার্যক্রম চলছে। সকল সিটি করপোরেশনের জন্য ‘আদর্শ কর তফসিল’২০১৩’ প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সিটিতে মহানগর কর (সিটি ট্যাক্স) ধার্য্যকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী এপ্রিল মাসের মধ্যে শেষ হবে।
৬১ জেলার পানিতে আর্সেনিক
এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ৬১টি জেলার ২৭৫টি উপজেলার নলকূপের পানিতে আর্সেনিক সনাক্ত হয়েছে। দেশব্যাপী জরিপ কার্যক্রম শেষে এ তথ্য পাওয়া গেছে। স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে সারাদেশে আর্সেনিক নিয়ন্ত্রণের জন্য পৃথক কোন কার্যক্রম বর্তমানে চালু নেই। তবে ২০০৩ সালে এ সংক্রান্ত জরিপ চালানো হয়। আর সে সময়কার জরিপে ৬১টি জেলার নলকূপের পানিতে আর্সেনিক সনাক্ত হয়।
মহিলাদের জন্য বাজার
রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের গ্রোথ সেন্টার উন্নয়নের জন্য গৃহীত গ্রোথ সেন্টারে মহিলাদের জন্য বিপণী কেন্দ্র/বাজার সেকশন নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ পর্যন্ত সারাদেশে মহিলাদের জন্য ৭৪৪টি বিপণী কেন্দ্র/বাজার সেকশন নির্মাণ করা হয়েছে। যেখানে ৪৮৬টি দোকান নির্মাণ করা হয়েছে। যার অধিকাংশই হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর খাল ও জলাবদ্ধতা
শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজধানীর ২৬টি খালের মধ্যে আটটি খাল বিশ্বব্যাংক প্রকল্প থেকে এবং চারটি খাল ঢাকা মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প থেকে উন্নয়ন ও খনন কাজ চলছে। আর এসব কাজ আগামী বর্ষা মৌসুমের আগেই শেষ হবে। অবশিষ্ট খালগুলো ড্রেনেজ সার্কেল থেকে পরিষ্কার ও খননের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।
এ বি এম আশরাফ উদ্দিনের (নিজান) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থ-বছরে সারাদেশে চার হাজার কিলোমিটার সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
