‘রেলওয়ের আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
গত চার বছরে রেলওয়ে যা আয় করেছে তার চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় হয়েছে। পর গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এ কথা জানান। স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বেনজীর আহমদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে গত অর্থবছর পর্যন্ত রেলওয়ে দুই হাজার ৪৭৩ কোটি ৯৩ লাখ টাকা আয় করেছে। এর বিপরীতে একই সময়ে রেলওয়ের ব্যয় হয়েছে পাঁচ হাজার ৮৫৪ কোটি ৩৮ লাখ টাকা। তিনি আরও জানান, বর্তমানে ১৪৬টি রেলওয়ে স্টেশন বন্ধ রয়েছে। স্টেশন মাস্টার ও বুকিং সহকারী না থাকার কারণে ৮৯টি স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তাছাড়া একজন করে স্টেশন মাস্টার থাকায় ৫৭টি স্টেশনের কার্যক্রম দিনের আংশিক সময় বন্ধ থাকে। পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রেলওয়ের জমির পরিমাণ ৬১ হাজার ৬০৫ দশমিক ৮৪ একর। জমি উন্নয়নের লক্ষ্যে সুষ্ঠু ও সঠিকভাবে ব্যবহারের জন্য ল্যান্ড ইউজ প্ল্যান তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।