সারাদেশে জামায়াত-শিবিরের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণের সমর্থনে আগামীকাল মঙ্গলবার গণতান্ত্রিক বামমোর্চা সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার বিকালে গণতান্ত্রিক বামমোর্চার নেতৃবৃন্দ বৈঠক করে আগামী ২৬ মার্চ দেশব্যাপী এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
বামমোর্চা জানায়, আগামীকাল বিকাল সাড়ে তিনটায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। বৈঠকে বলা হয়, ধর্মবিশ্বাসের প্রশ্নটিকে ঘিরে অপপ্রচার চালিয়ে জামায়াত ও তার সহযোগীরা যুদ্ধাপরাধের প্রশ্নটিকে আড়াল করার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। তারা মনে করেছে, জনগণের ধর্মানুভূতিকে পুঁজি করে অপরাজনীতিকে রক্ষা করা সম্ভব হবে। বৈঠকে গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান, সাইফুল হক, অ্যাডভোকেট আবদুস সালাম, হামিদুল হক, ইয়াসিন মিঞা, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম সবুজ, মহিনুউদ্দীন চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
