মুক্তিযোদ্ধা কর্মচারীদের চাকরির বয়সসীমা বাড়াতে সংসদে বিল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারীদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করার জন্য ‘পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’ নামের বিল জাতীয় সংসদে উত্থাপন করেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল রবিবার বিকালে স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে এ বিল উত্থাপন করা হয়। বিলটি উত্থাপনের পর মন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। একদিনের মধ্যে কমিটিকে সংসদে রিপোর্ট দিতে বলা হয়েছে। গত বছরের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কর্মচারীদের অবসরগ্রহণের বয়সসীমা এক বছর বাড়িয়ে ৬০ বছর করতে অধ্যাদেশ জারি করা হয়। গত বছর জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশ আইনে পরিণত করতে সংসদে এই বিলটি আনা হয়েছে।