সাবেক ক্লাব ইন্টারমিলানের বিপক্ষে খেলতে নেমেছিলেন এখন এসি মিলানের তারকা মারিও বালোতেল্লি; কিন্তু সান সিরোর মিলান ডার্বিতে গোলের কয়েকটি পেয়েও গোল করতে পারেননি ইতালিয়ান এই তারকা। মিলান ডার্বি শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে; কিন্তু খেলার ফলের মতো গ্যালারি এতোটা নিরুত্তাপ ছিল না। বরং ম্যাচশেষে জানা গেল, গত রবিবার রাতের এই ম্যাচে নিজেরই সাবেক দলের সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী উস্কানি হজম করতে হয়েছে বালোতেল্লিকে।
ম্যাচের ২১ মিনিটে মিলান এগিয়ে যায় স্টিফেন এল শারাওয়ের গোলে। বার্সেলোনার বিপক্ষে গোল করেছিলেন মিলানের কেভিন প্রিন্স বোয়েটাং। এই রাতে গোল করতে না পারলেও করিয়েছেন শারাওয়েকে দিয়ে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মিলানের হাতে। অনেকগুলো গোলের সুযোগও তারা হাতছাড়া করে; কিন্তু ইন্টারের মিডফিল্ডার এজাকুয়েল স্কুহেলোট্টো ৭১ মিনিটে ম্যাচের সমতা নিয়ে আসেন।
আগেরবারের লড়াইয়ে নেরাজ্জুরিদের বিপক্ষে সান সিরোতে ১-০ গোলে হেরে যায় মিলান। দ্বিতীয় ডার্বি ম্যাচে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলতে নামা মিলান ফেবারিট হিসেবে শুরু করেছিল। কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে তারা শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে গত সপ্তাহে। মিলান এই ড্রয়ে সিরিএ তে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে।
বালোতেল্লি আক্রমণভাগে বেশ ভয়ঙ্কর হয়ে ওঠেন। চলতি মৌসুমে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিকে থেকে মিলানে এসে নিজেকে প্রমাণ করছেন প্রতি ম্যাচেই। মিলানের হয়ে প্রথম তিন ম্যাচে করেছিলেন চার গোল। ইন্টারমিলানে খেলেছিলেন ২০০৬-২০১০ সাল পর্যন্ত। দীর্ঘদিন পর আবারো মিলান ডার্বিতে তিনি জেগে উঠেছিলেন; কিন্তু গোল অভিমুখে তার প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়।
বালোতেল্লির জন্য এর চেয়ে হতাশার ছিল ইন্টার সমর্থকদের কাণ্ড। তারা প্লাস্টিকের কলা দেখিয়েছেন এবং বাঁশি বাজিয়েছেন। বালোতেল্লি মুখে আঙুল দিয়ে সমর্থকদের চুপ থাকার আহ্বান জানিয়েছিলেন। কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি। মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগরি বালোতেল্লি এমন ধৈর্য্যশীল আচরণের প্রশংসা করেছেন।
এদিকে রবিবার রাতে অন্য ম্যাচে সিরিএর বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস ৩-০ গোলে সিয়েনাকে হারিয়ে দেয়। ২৬ খেলা শেষে জুভা ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। মিলান ৪৫ পয়েন্ট নিয়ে তিনে। নাপোলি এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
সিরিএ তে রবিবারের ফল
স্যাম্পডোরিয়া ২ শিভো ভেরোনা ০
আটলান্টা ২ এএস রোমা ৩
ক্যাগলিয়ারি ৪ তোরিনো ৩
জুভেন্তাস ৩ সিয়েনা ০
পারমা ১ ক্যাটানিয়া ২
ইন্টারমিলান ১ এসি মিলান ১
