তিন বছরের মধ্যে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ ক্যারিবীয় ব্যাটসম্যান রামনারেশ সারওয়ান। আর সেই সেঞ্চুরিতেই গ্রেনাডায় সফরকারী জিম্বাবুয়েকে ৭ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
টস জয়ী জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং থেকে ৮ উইকেটে ২৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও ম্যাচ রক্ষা করতে পারেনি। ৩২ বছর বয়সী গায়ানার ব্যাটসম্যান সারওয়ানের কাছেই মূলত পরাজিত হয়েছে সফরকারীরা। সারওয়ান ১৪৩ বলে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সহায়তায় ১২০ রানে অপরাজিত ছিলেন।
এর আগে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে জিম্বাবুয়ের পক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে মাসাকাদজা অধিনায়ক ব্রেন্ডন টেইলরের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেন। তবে ইনিংসের সর্বোচ্চ ৮০ রান করে ক্রেইগ এরউইন জিম্বাবুয়ের ইনিংসকে জোড়ালো করেছেন। মাসাকাদজার ব্যাট থেকে এসেছে ৬০ রান। এই দুজন মিলে চতুর্থ উইকেটে ১১০ রানের পার্টনারশীপ গড়ে তুলেন। ইনিংস সূচনা করতে নেমে ভুসি সিবান্দা দলের পক্ষে প্রথম হাফ সেঞ্চুরি করেন। ৬৩ বলে ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে তিনি করেন ৫১ রান।
- বাসস/এএফপি
