টেনিসের বিশ্ব র্যাংকিংয়ের চার নম্বর খেলোয়াড় স্পেনের ডেভিড ফেরার বুয়েন্স আয়ার্স টেনিস টুর্নামেন্টের শিরোপা অক্ষুণ্ন রাখলেন। ৪ লাখ ৯০ হাজার ডলারের এটিপি ক্লে-কোর্ট টুর্নামেন্টের ফাইনালে ফেরার ৬-৪, ৩-৬, ৬-১ গেমে সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিনকাকে হারিয়ে শিরোপা নিজের ঘরে রাখেন। এ শিরোপা জয়ের ফলে খেলোয়াড়ী জীবনে ৩০ বছর বয়সী ফেরার ২০তম এবং চলতি বছর অকল্যান্ডের পরে দ্বিতীয় শিরোপা জয় করলেন।
ম্যাচ শেষে ফেরার বলেন, ‘একটা টুর্নামেন্টের শিরোপা অক্ষুণ্ন রাখাটা কঠিন। কিন্তু টেনিস আমার প্রতি দয়াশীল এবং এমনটা করতে পেরে আমি আনন্দিত।’এটিপি র্যাংকিংয়ের ১৭তম স্থানে থাকা ওয়ারিনকা খেলোয়াড়ী জীবনে চতুর্থ শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন। তার সর্বশেষ সাফল্য এসেছে ২০১১ সালে চেন্নাইয়ে।—বাসস/এএফপি
