আফগানিস্তানের মাইদান প্রদেশে মার্কিন বিশেষ বাহিনীর বিরুদ্ধে বিশৃংখলা ও নিরাপত্তাহীনতা বাড়ানোর অভিযোগ এনেছে কারজাই সরকার। উত্তরাঞ্চলের ওই প্রদেশটি থেকে দুই সপ্তাহের মধ্যে মার্কিন স্পেশাল ফোর্সেও সদস্যদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। রবিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের মুখপাত্র আইমাল ফাইজি বলেন, মাইদান ওয়ারদাক প্রদেশে বিশৃংখলা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধির জন্য দায়ী মার্কিন বাহিনী। ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের সভায় কারজ্াই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দুই সপ্তাহের মধ্যে মার্কিন বাহিনীকে সেখান থেকে বের করে দিতে বলেন। মার্কিন বাহিনীর বিরুদ্ধে দুর্ব্যবহার ও এক ছাত্রকে জবাই করার অভিযোগ উঠেছে। স্থানীয় নয় ব্যক্তি নিখোঁজ হওয়ার ব্যাপারেও মার্কিন বাহিনীকে সন্দেহ করা হচ্ছে। এসব অভিযোগের ব্যাপারে গুরুত্বের সাথে তদন্ত করা হবে বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে আফগান কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছে দেশটি।
