ছোটদের মোহামেডান আবাহনী ম্যাচেও তাণ্ডব

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
ম্যাচের সত্তুর মিনিটে আবাহনীর গোলকিপার প্রিতম গোলকিক করেন। কিন্তু তাদের ডিফেন্ডাররা অমনোযোগি থাকায় বল ধরতে পারেননি। মাঝখান থেকে দৌড়ে গিয়ে বলটা ছোঁ মেরে গোল করেন মোহামেডানের বদলি মিডফিল্ডার শাহিন। সাথে সাথে আবাহনীর ক্ষুদে ফুটবলাররা রেফারি বিটু রাজ বর্মের উপর চড়াও হলেন। ভীড়ের মধ্যে কেউ গায়ে হাত তুলতেও কাপর্ণ্য করলেন না। রেফারিকে ঠেলে ধাক্কা মেরে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত নিয়ে যাচ্ছেন। আবাহনীর মতো বড় দলের ক্ষুদে ফুটবলারদের এই চেহারা দেখে সবাই হতবাক হয়েছেন। বির্তকের অবসান ঘটল ১৫ মিনিট পর। গোল মেনে নিয়ে খেলায় ফিরলেও রেফারি তাদেরকে কোনো কার্ড দেখাননি। খেলা শুরু হলে গোল শোধের জন্য আবাহনী আক্রমণ করে। এমন সময় ভিআইপি গ্যালারি থেকে আবাহনীর সমর্থকরা খেলা বন্ধ করে দেয়। তারা মাঠে ঢুকে তাণ্ডব চালায়। পোষ্টের পাশে রাখা ফটো সাংবাদিকদের বসার মোড়া সব কয়টি মাঠে ছুঁড়ে মারেন। কর্ণার ফ্ল্যাগ তুলে বাইরে ছুেঁড় ফেলে দেন। তখনও পুলিশ নির্বিকার। উচ্ছৃংখল সমর্থকদের পাশে দাঁড়িয়ে কোনো বাঁধাই দিতে দেখা গেল না পুলিশদের। পরিস্থিতি নিয়ন্ত্রনে বাফুফের কর্মকর্তাদেরও দেখা যায়নি মাঠে। সমর্থকরা গোলপোষ্টের নেট উপড়ে ফেলে ছিড়ে ফেলেন। গোলপোষ্টের পেছনে বিল বোর্ড টেনে গুড়িয়ে দেয়ার চেষ্টা করে পিরে যান উচ্ছৃংখল দর্শকরা। রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা বন্ধ ছিল। এই ম্যাচটি ছিল অনুর্ধ্ব-১৬ ফুটবলে আবাহনীর জন্য কঠিন লড়াই। কারণ আবাহনী হারলেই বাদ।