দুর্গত এলাকায় জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী

আপডেট : ০৪ মে ২০১৯, ১৯:৪৫

ঘূর্ণিঝড় 'ফণী'র আঘাত পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দুর্গত এলাকাসমূহে জরুরি উদ্ধারকাজ, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী । শনিবার সকালে খুলনার তিতুমীর নেভাল জেটি থেকে জরুরি ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা নিয়ে নৌবাহিনী জাহাজ মেঘনা বরিশালের মেহেন্দীগঞ্জ ও বানৌজা তিস্তা বরিশালের হিজলার উদ্দেশে এবং এলসিটি-১০৪ মোংলার দিগরাজ নৌঘাঁটি থেকে সাতক্ষীরার নীলডুমুরের উদ্দেশে রওনা হয়। শনিবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, দুর্গত এলাকাগুলোতে নৌবাহিনীর এসব জাহাজ জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের কাজ করছে। এসব জাহাজে ত্রাণ সহায়তা হিসেবে দুইহাজার পরিবারের জন্য তিন দিনের শুকনা খাবার মজুদ করে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য শুকনা খাবার হিসেবে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি তেল, দুই কেজি লবণ, দুই কেজি চিড়া, দুই কেজি মুড়ি, এক কেজি গুড়, প্যাকেট বিস্কুট, মোমবাতি, পলিথিন ব্যাগ, ম্যাচ বক্স, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন:  মানিকগঞ্জে নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও মোংলা এলাকার নৌবাহিনীর কন্টিনজেন্ট এবং অন্যান্য জাহাজও দ্রুততম সময়ে দূর্গত এলাকায় মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে দূর্গত এলাকায় নৌবাহিনীর এ ত্রাণ সহায়তা ও উদ্ধারকাজ চলমান থাকবে।

ইত্তেফাক/জেডএইচডি