বন ও জলদস্যু দমনে র্যাবের আলাদা ব্যাটালিয়ন হচ্ছে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
বাংলাদেশে বর্তমানে ১৮৯টি দেশের প্রায় সোয়া তিন লাখ নাগরিক বসবাস করছেন। এদের মধ্যে ৬৬ হাজারের বেশি নাগরিক কর্মরত রয়েছেন। সোমবার জাতীয় সংসদে এ তথ্য প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর জানান, বন ও জলদস্যুদের নিয়ন্ত্রণের লক্ষ্যে শীঘ্রই র্যাবের একটি আলাদা ব্যাটালিয়ন গঠন করা হবে। ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে বিকালে বিরোধী দলবিহীন চলতি অধিবেশনের ১৮তম কার্যদিবস শুরু হয়। শুরুতেই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়। মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী সংসদকে জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৮৯টি দেশ ও বিভিন্ন টেরিটরির ৩ লাখ ২০ হাজার ৯৯ জন নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। তাদের অবস্থানের কারণ হচ্ছে চাকরি, শিক্ষা, ব্যবসা, প্রশিক্ষণ, ভ্রমণ, সেমিনার, বিনিয়োগ, ডিপ্লোমেসী, ডেলিগেশন ও পারিবারিক পুনর্মিলন উল্লেখযোগ্য। চলতি বছরের গত ২ ফেব্রুয়ারির হিসাবে ৬৬ হাজার ৩১১ জন বিদেশি নাগরিক বাংলাদেশে কর্মরত রয়েছেন।