ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বিভাগীয় মিলনায়তনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা ও গবেষণার মতো স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের সত্য অন্বেষণ করতে শেখায়। এই সত্য অন্বেষণ করতে গিয়েই বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবি শিক্ষার্থী যুগে যুগে আত্মোত্সর্গ করেছেন। তিনি বলেন, ভাষার মর্যাদা রক্ষা, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য অনেক সম্ভাবনাময় তরুণকে অকালে প্রাণ দিতে হয়েছিল। এ কারণেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটাতে হয়েছে। তিনি এসব ইতিহাস জানার জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সত্, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন পূর্ণাঙ্গ ভাল মানুষ হতে হবে। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল আজিজ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রবীণ অধ্যাপক একেএম নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।
