যে সকল শিশু নিজেদের দক্ষতা বিকাশের জন্য সাধারণ ব্যবস্থার স্থলে বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয় তারাই বিশেষ শিশু। বিশেষ শিশুদের চাহিদা মেটানোর জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। ‘স্কুল ফর গিফটেড চিলড্রেন’ তেমনি একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান। সমপ্রতি রাজশাহী শাখাসহ ঢাকার স্কুলে শিশুদের প্রশিক্ষণের অংশ হিসাবে রেড-ডে পালন করা হয়েছে। আয়োজন সফল করতে স্কুলকে লাল রঙের বিভিন্ন জিনিস দিয়ে সুসজ্জিত করা হয়েছে। বাচ্চারা, শিক্ষকরা, স্কুলের কর্মকর্তাগণ সকলেই লাল পোশাক পরে এসেছে। স্কুলে প্রবেশের সময় সাদা কাপড়ে প্রতিটি বাচ্চার লাল রঙে হাত ডুবিয়ে হাতের ছাপ নেয়া হয়েছে। শিশুদের হাতে লাল ফিতা বেঁধে বরণ করা হয়েছে। স্কুলের প্রতিটি কাজের মধ্যে লাল রঙের ছোঁয়া রাখা হয়। রেড-ডে কে সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপন করার জন্য স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ এবং অভিভাবকবৃন্দ সার্বিক সহযোগিতা করেছে। পরবর্তীতে হলুদ, নীল, সবুজ, কালো ইত্যাদি ডে উদযাপন করা হবে বলে জানানো হয়।
