চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মহান একুশে পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রভাতফেরি, স্মৃতিচারণমূলক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, মহান ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ইত্যাদি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। নবনির্মিত দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ আমাদের জীবনের একটি বিশেষ দিন। এ দিনটিতেই ভাষার দাবিতে প্রাণ দিয়েছিলেন আমাদের দেশের মানুষ। বিশ্বের ইতিহাসে সে কথা লেখা আছে সোনার অক্ষরে। চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. আশুতোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম প্রমুখ।
