‘ক্রমবিকাশমান সম্পর্ক ও একাত্মতা’ এই বাণীকে বুকে ধারণ করে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম পুনর্মিলনী। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত হয়েছিল চ.বি. সমাজবিজ্ঞান অনুষদের ছয়তলা। গানে,নাচে, র্যালিতে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে পায় তাদের পুরানো দিনগুলোতে। মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পুনর্মিলনীর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ফাগুন ও মিলনের রং হালকা কমলা এবং শহীদ দিবসের সাথে একাত্মতা ঘোষণা করে কালো রংয়ের সংমিশ্রণ ঘটিয়ে অভিন্ন টি-শার্ট পরে র্যালিতে বেরিয়ে পড়ে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, কর্মচারী ও শিক্ষকগণ। পরক্ষণে বর্তমান শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয় প্রাক্তন শিক্ষার্থীদের। ওল্ড খচিত বিশাল কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র বিভাগের সভাপতি এম. ফয়সাল, ছিলেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক সুজিত কুমার দত্ত, মোঃ সাইমুম পারভেজ, আরো উপস্থিত ছিলেন অত্র বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক হেলালউদ্দিন আহম্মদ, মতিউল হক মাসুদ, আশরাফুল আজাদ, মোঃ নিয়াজ মোরশেদ। বিভাগের সভাপতি এম. ফয়সাল বলেন, ‘২০০৪ সালে প্রতিষ্ঠিত এই বিভাগ থেকে বর্তমানে তিনটি ব্যাচ বেরিয়েছে। এটি প্রথম পুনর্মিলনী, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে’। আলোচনা শেষে দুটি দেয়ালিকা উদ্বোধন করা হয়। একটি ছিল প্রাক্তন শিক্ষার্থীদের ছবি নিয়ে অন্যটি ছিল ‘সেতু-বন্ধন’ শিরোনামে বর্তমান শিক্ষার্থীদের লেখা নিয়ে দেয়ালিকা। প্রীতিভোজের পর অনুষ্ঠানে যোগ হয় নতুন মাত্রা। নাচে, গানে পুরো ক্যাম্পাসে রং ছড়িয়ে দেয় বিভাগের শিক্ষার্থীরা। স্মৃতিচারণ ও মজার মজার খেলা, সম্মাননা, গান, কৌতুক ইত্যাদি দিয়ে পুরো বিকাল কাটানোর পর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে এলামনাই এসোসিয়েশন গঠনের জন্য অনানুষ্ঠানিক কমিটি গঠন করা হয়। হল জীবনে ফিরে যেতে প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই রাত যাপন করে ক্যাম্পাসে। ফলে পুনর্মিলনীর আনন্দ গিয়ে গড়ায় ২য় দিনে।
