নাম তার জাভেদ আজাদ মিশাদ। ক্যাম্পাসে বেশিরভাগ সংখ্যকের কাছে মিশাদ ভাই নামেই পরিচিত। কারণ তার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ শেষ। দীর্ঘ দিন ধরে একটা বিশাল স্বপ্ন পুষছেন তিনি। আর সেই স্বপ্নটাকে লালন পালন করতে গিয়েই তাকে গুরুত্ব দিতে হয়েছে জীবনের প্রতিটি মুহূর্তকে। পারেননি জীবনের সব চাওয়া পাওয়াকে সমানভাবে স্থান দিতে। পারেননি সবার মত করে বেড়ে উঠতে। জীবন থেকে ত্যাগ করতে হয়েছে অনেক ধরনের বিনোদন। সময়ের কাজ করতে হয়েছে সময়মত। এসএসসি এবং এইচএসসিতে ভালো ফলাফল করে ২০০৬ সালে ভর্তি যুদ্ধকে মোকাবিলা করে ভর্তি হয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। মেডিক্যালে পড়ার ইচ্ছে থাকলেও কৃষিতে ভর্তি হয়ে ঘাবড়ে যাননি তিনি। আঁকড়ে ধরেছেন পড়াশোনা। সবার চেয়ে আলাদা করে ভালোবাসতে থাকেন ক্যাম্পাস এবং পড়াশোনাকে। প্রথম থেকেই ভালো করতে থাকেন পরীক্ষাগুলোতে। স্নাতক ডিগ্রি শেষ করে স্নাতকোত্তরে ভর্তি হন এগ্রিকালচার এক্সটেনশন বিভাগে। ২০১২ সালে স্নাতকোত্তর ফলাফলে দখল করে নেন সেরাদের সেরা স্থানটি। ৪ পয়েন্টের মধ্যে ৪ পয়েন্টই লাভ করেন তিনি। স্নাতকেও ছিলেন ৩.৮৫ পয়েন্ট ৪ এর মধ্যে। ফলাফল পাওয়ার পরে স্বপ্নের আবেগ আরো দীর্ঘ হতে থাকে। ধৈর্য এবং নিয়মানুবর্তীতা তার জীবনের সাথে মিশে গেছে। ভালো ফলাফলের কারণ হিসাবে মিশাদ জানান, বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনাটাকে নিজের দায়িত্ব হিসাবে মেনে নিতে পারলেই ভালো ফলাফল সম্ভব।
