আজম খানের জন্মদিনে নানা আয়োজন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৫
এ দেশের ব্যান্ড শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আজম খানের ৬৩তম জন্মদিন আগামীকাল। প্রয়াত এই পপ সম্রাটের জন্মদিনে যাত্রা শুরু করতে যাচ্ছে শিল্পী আজম খান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে আজম খানের জীবন ও কর্ম তুলে ধরা হবে ভবিষ্যত্ প্রজন্মের সামনে এবং তার নানা স্মৃতি সংরক্ষণ করা হবে যথাযথভাবে। শিল্পী আজম খান ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ দিন। আগামীকাল সকাল ৯টায় মতিঝিল শাপলা চত্বরে আজম খানের শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে আয়োজন করা হবে বিশেষ র্যালি। এ ছাড়াও দুপুর ২টায় মতিঝিল সরকারি কমিউনিটি সেন্টারে প্রয়াত শিল্পীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত হবে মিলাদ মাহফিল এবং একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে শিল্পী আজম খান ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান। উল্লেখ্য, এই দিনটিকে প্রমিথিউস ব্যান্ড আজম খান স্মরণে গুরু দিবস ঘোষণা করেছে।