মুম্বাসা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৮
অদ্ভুত এক মানুষ মুম্বাসা। শান্ত-শিষ্ট। সারাক্ষণ নিজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করে। চারপাশের অস্থিরতা, চাঞ্চল্য স্পর্শ করে না তাকে। নিবিষ্ট মনে বসে বসে ছবি আঁকে। কখনও প্রকৃতির, কখনও সম্পর্কহীন কোনো মানুষ বা ঘটনা উঠে আসে সে ছবিতে। খুব অল্প কিছু শব্দ জানে সে। বাবা মাইনুল মনে করেন, সমাজবদ্ধ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-ভালোবাসাসহ নানা জটিল চাওয়া-পাওয়া, লোভ-ঘৃণা-ঈর্ষা, ধর্ম, সমাজ, রাজনীতি ইত্যাদি নানা রকমের দর্শন-ধারণা-চিন্তার সূক্ষ্ম-স্থূল-ভুল-সঠিক নানা রকম প্রকাশের জন্যই মানুষের এত শব্দের প্রয়োজন হয়। যদি কারও জীবনদর্শন সীমিত হয় তবে তার নিশ্চয়ই এত শব্দের প্রয়োজন হয় না। তার ধারণা, মানুষের মধ্যে জটিলতার অন্যতম কারণ হচ্ছে তার জীবনদর্শনের আধিক্য। তাই সভ্যতার সকল জটিলতা থেকে একটি মানব সন্তানকে মুক্তি দেওয়ার জন্য মুম্বাসাকে খুব কম জীবন-ধারণা দিয়ে গড়ে তুলেছেন তিনি। মুম্বাসার কিছু অদ্ভুত ক্ষমতা আছে। মানুষের ভবিষ্যত্ দেখতে পায় সে। এই ক্ষমতা তাকে রীতিমতো সুপারহিরোতে রূপান্তরিত করে। ভিন্নমাত্রার জীবনবোধ নিয়ে বেড়ে ওঠা এই সুপারহিরোর গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক ‘মুম্বাসা’। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।