সূচক বাড়লেও লেনদেন কমেছে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
টানা ছয় দিন দরপতনের পর গতকাল মঙ্গলবার শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এদিন দুই বাজারেই সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। বাজার বিশ্লেষকরা বলছেন, সূচক বাড়লেও লেনদেন কমার গতি ইতিবাচক নয়। কারণ লেনদেন ভালো না হলে দীর্ঘমেয়াদে বাজার ঘুরে ইতিবাচক হবে না। এদিকে গত কয়েকদিন ধরে বাজারের নিম্নমুখী প্রবণতার কারণ সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীতনায় বাজার নিম্নমুখী হচ্ছে। তাই বাজারকে স্থিতিশীল করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা প্রয়োজন। তথ্যে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৫৪ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৬ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৬৯৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। ডিএসইতে এদিন হাত বদল হয়েছে ২৬৭টি কোম্পানির ৬ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ২০৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৮৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৮৩৬ টাকা। লেনদেনকৃত ১৭৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ২৬টির আর অপরিবর্তিত ছিল ১২টির শেয়ারের দাম। ডিএসই সূত্র জানায়, গতকাল ডিএসইর তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান সমাপ্ত অর্থ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলের পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০১২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের জন্য সুপারিশ করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ মার্চ। কোম্পানির শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৩১ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০ টাকা। ডিএসইতে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০১২ সমাপ্ত অর্থ বছরের জন্য ৬ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৭ মার্চ। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৪১ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ১৮ টাকা ১৫ পয়সা।