পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামীকালের মধ্যে মার্চেন্ট ব্যাংকের নন-ডিসক্রিশনারি হিসাব (যে হিসাবে গ্রাহক নিজেরা লেনদেন করতে পারেন) বন্ধ করতে হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত সংবলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, নন-ডিসক্রিশনারি হিসাবগুলোকে পৃথক বিওতে রূপান্তরের সময়সীমা আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সবাইকে এ হিসাবগুলো বন্ধ করতে হবে।
এদিকে অমনিবাস বন্ধের খবরে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে। অনেকেই মনে করছেন, অমনিবাস হিসাব বন্ধ হলে বড় বড় বিনিয়োগকারীরা বাজারে আসতে চাইবেন না। তাদের আশঙ্কা হলো, বিদেশি বিনিয়োগকারীদের অনেকেই অমনিবাস হিসাবের মাধ্যমেই বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া দেশীয় বড় পুঁজির বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগে নিজেদের প্রকাশ করতে চায় না। তবে বিএসইসি সূত্র জানায়, যেহেতু অমনিবাস হিসাব পুরোপুরি বন্ধ হচ্ছে না, তাই এ ধরনের আশঙ্কা নেই। তাছাড়া অমনিবাস হিসাবের যে অংশটি বন্ধ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এ হিসাবের মাধ্যমেই মূলত বড় বিনিয়োগকারী ও বিদেশি বিনিয়োগকারীরা লেনদেন করেন। তবে ২০১০-২০১১ সালের পুঁজিবাজার কারসাজির তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের সুপারিশের কারণেই শুধু নন-ডিসক্রিশনারি হিসাবটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
