বাংলাদেশ ফুটবল দল গত সোমবার বিকালে নেপালে পৌঁছে গতকাল সকাল ও বিকেলে দু’বেলা অনুশীলন করে। কাঠমান্ডুর ললিতপুরস্থ আনফা রিজিওনাল ট্রেনিং সেন্টারের মাঠে চলছে এই অনুশীলন। আগামী শনিবার চ্যালেঞ্জ কাপ ফুটবলে বাংলাদেশের প্রথম ম্যাচ ফিলিস্তিনের বিরুদ্ধে। অধিনায়ক মোঃ সুজন গতকালের অনুশীলনের পর নেপালের ক্রান্তিপুর টিভিকে দেয়া সাক্ষাত্কারে বলেন, ‘দলের সব খেলোয়াড় লিগ খেলে এসেছে। প্রত্যেক পজিশনে ভালো মানের খেলোয়াড় রয়েছে। আমাদের লক্ষ্য ফাইনাল রাউন্ডে যাওয়া।’ সুজন আরো বলেন, ‘নেপালের সাথে আমরা ১-১ গোলে ড্র করেছিলাম। সেই ম্যাচে গোল করে এগিয়ে ছিলাম। আমরা উন্নতি করছি। আশা করি আমরা নেপালকে হারাতে পারবো।’ দলের ডাচ কোচিং সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক বলেন, আমরা মাত্র চারটা সেশন অনুশীলন করেছি। আমাদের খেলোয়াড়রা খুব দ্রুতই শিখছে।’
স্ট্রাইকিং পজিশন নিয়ে ভালো কথা বলেছেন জাতীয় দলের সহকারী ডাচ কোচ রেনে কেস্তার। তিনি সাংবাদিকদের নেপালে বলেন, ‘স্ট্রাইকাররা ভালো এবং মাঝ মাঠেও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। আমরা একটা ব্যালান্সড দল।’ নেপালে ‘ডি’ গ্রুপে চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাই পর্বের চার জাতির লড়াইয়ে বাংলাদেশে ছাড়াও রয়েছে ফিলিস্তিন, নর্দান মারিয়ানা এবং স্বাগতিক নেপাল। এই গ্রুপ থেকে একটি দল চূড়ান্ত পর্বে উঠবে।
