বিসিবি এডহক কমিটির মেয়াদ শেষ আজ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির তিনমাস মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবার। গত বছর ২৭ নভেম্বর বিসিবির নির্বাহী কমিটি ভেঙ্গে যাওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এডহক কমিটি গঠন করে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিনমাসের মধ্যে বিসিবির নির্বাচনী তফসিল ঘোষণা এবং নির্বাচন অনুষ্ঠিত করার কথা ছিল এই কমিটির। কিন্তু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা (ফোরাম) ও সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত বিসিবির গঠনতন্ত্রের উপর স্থগিতাদেশ দেয়ায় বিসিবিও এ ব্যাপারে কিছু করতে পারছে না। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘যেহেতু বিসিবির গঠনতন্ত্র আদালতের স্থগিতাদেশ দেয়া আছে তাই এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না’। এ ব্যাপারে যোগাযোগ করেও জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।